Sylhet Today 24 PRINT

আমার দেখা ফুটবলারদের মধ্যে মেসিই সেরা: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক |  ০৬ জুলাই, ২০১৭

মেসি সেরা নাকি রোনালদো—বিষয়টা নিয়ে বিতর্ক রীতিমতো ক্লিশে হওয়ারই পথে। ফুটবলপ্রেমীদের বড় একটা অংশ মেনে নিয়েছেন, দুই তারকাই যেখানে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গেছেন, সেখানে ‘কে সেরা’ এ নিয়ে বিতর্ক অবান্তর। দুজনই আছেন ফুটবল ইতিহাসের সেরাদের তালিকায়।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দুই তারকাকে নিয়ে বিতর্কটা আবারও কিছুটা উসকে দিলেন পেপ গার্দিওলা—মেসি, বার্সার পুরোনো কোচ। তিনি রোনালদোকে নিয়ে কোনো ধরনের আলোচনাতে না গিয়েও মেসিকেই সেরা বলছেন। কেবল ‘সেরা’ই নয়। তাঁর দেখা ফুটবলারদের মধ্যে আর্জেন্টাইন তারকাই নাকি সবচেয়ে সেরা।

মেসির প্রতি আলাদা টান থাকারই কথা গার্দিওলার। এখন ম্যানচেস্টার সিটির দায়িত্বে থাকলেও কোচিংয়ের শুরুটা তাঁর বার্সেলোনাতে। চার মৌসুমে কাতালান ক্লাবটির দায়িত্বে থেকে দলকে বিশ্বসেরা বানিয়েছিলেন। মেসিও টানা চার বছর ব্যালন ডি’অর জিতে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। তাই গার্দিওলা যখন বলেন, ‘আমার দেখা সেরা খেলোয়াড় মেসি’, তখন বিস্ময় জাগে না।

গার্দিওলা ভালোই জানেন, তাঁর এই দাবিকে প্রিয় ছাত্রের প্রতি ভালোবাসা হিসেবে ধরে নেবেন সবাই। তাই যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন, কেন রোনালদো নন, মেসিই সবার সেরা, ‘ওর (মেসির) সবচেয়ে ভালো দিক হলো, সে কী করছে সেটা ব্যাপার না। বরং সে যা করে, সেটাকেই এত সহজ মনে হয়! সে তিন বা চারজনকে ড্রিবল করে বেরিয়ে যেতে পারে—এ ক্ষমতা তাঁকে সেরা বানায়নি। সে এ কাজে বিশ্বের অন্য সবার চেয়ে ভালো, এটাই তাঁকে শ্রেষ্ঠত্ব এনে দিয়েছে।’
সূত্র: গোল ডটকম

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.