Sylhet Today 24 PRINT

উইন্ডিজ লিগে শাহরুখ খানের দলে মেহেদি মিরাজ

স্পোর্টস ডেস্ক |  ১৮ জুলাই, ২০১৭

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজের এ লিগে খেলার জন্য বিসিবি থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পেয়েছেন তিনি। রোববার এ উদীয়মান অলরাউন্ডারের অনাপত্তিপত্রে সই করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আগামি ২৭ জুলাই সিপিএল-এ খেলতে বিমান ধরবেন তিনি। অস্ট্রেলিয়ান চায়নাম্যান বোলার ব্র্যাড হগের পরিবর্তে তাকে ভিড়িয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স।

এ নিয়ে তৃতীয় বাংলাদেশি হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের অফ স্পিনিং অলরাউন্ডার।

সিপিএলের এবারের আসর শুরু হবে ৪ আগস্ট। উদ্বোধনী দিনেই সেন্ট লুসিয়া স্টার্সের বিপক্ষে লড়বে মিরাজের দল।

মিরাজ বিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়েছেন ১৫ আগস্ট পর্যন্ত। সেই হিসাবে প্রথম ৫ ম্যাচে এ অলরাউন্ডারকে পাবে ত্রিনবাগো। দলটির মালিক শাহরুখ খান, যিনি ভারতীয় প্রিমিয়ার লিগে (বিপিএল) কলকাতা নাইট রাইডার্সের মালিকও।

একই টুর্নামেন্টে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডিার সাকিব আল হাসান। তার দেশ ছাড়ার কথা ২৯ জুলাই। এ নিয়ে তৃতীয়বার সিপিএলে খেলবেন তিনি। এরআগে সিপিএলে খেলেন ওপেনার তামিম ইকবাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.