Sylhet Today 24 PRINT

বাংলাদেশের স্পিন কোচ স্টুয়ার্ট ম্যাকগিল

স্পোর্টস ডেস্ক |  ৩১ জুলাই, ২০১৭

ক্যারিয়ারের পুরোটা সময় কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নের ছায়ার আড়ালে পড়ে থাকা স্টুয়ার্ট ম্যাকগিলকে স্পিন বোলিং কোচ হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ।

গত প্রায় এক বছর ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচের পদটি খালি পড়ে আছে। নির্ধারিত সময়ে কাজে যোগ না দেওয়ায় শ্রীলঙ্কার সাবেক স্পিনার রুয়ান কালপাগেকে বরখাস্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে অস্ট্রেলীয় সাবেক স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আপাতত তিন মাসের নিয়োগ দেওয়া হবে তাকে।

রোববার (৩০ জুলাই) বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায় ম্যাকগিলকে নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে।

সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অস্ট্রেলীয় সাবেক স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলকে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি। অবশ্য তার সঙ্গে এখনো চুক্তি হয়নি আমাদের। তবে কথাবার্তা চূড়ান্ত হয়েছে।’

লেগ স্পিনার শেন ওয়ার্নের যুগে ক্রিকেট খেলেছেন তিনি। তবে যখনই সুযোগ পেয়েছেন নিজেকে মেলে ধরেছেন তিনি। ৪৪ টেস্ট খেলে ২০৮ উইকেট নিয়েছেন তিনি। তার সেরা পারফরম্যান্স বাংলাদেশেরই বিপক্ষে ২০০৬ সালে। সেবার ১০৮ রানে আট উইকেট নিয়েছিলেন তিনি। ২০০৮ সালে সর্বশেষ টেস্ট খেলেন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

২০১৪ সালের জুলাইয়ে কালপাগেকে বাংলাদেশ দলের সহকারী কোচ পদে নিয়োগ দেয় বিসিবি। মূলত তিনি স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করতেন। গত বছরের শুরুতে তার চুক্তির মেয়াদও বাড়ানো হয়েছিল, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু সময়মতো চাকরিতে যোগ না দিয়ে তিনি চাকরিটাই হারিয়েছেন। তাকে বরখাস্ত করা হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.