Sylhet Today 24 PRINT

গোলবন্যার ম্যাচে রহমতগঞ্জ জয়ী

স্পোর্টস ডেস্ক |  ০১ আগস্ট, ২০১৭

আরামবাগ ক্রীড়া সংঘ আর রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির মধ্যকার ম্যাচে গোলের পর গোল হয়েছে। গোলবন্যার এ ম্যাচে ৪-২ গোলের ব্যবধানে জিতেছে রহমতগঞ্জ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার (৩১ জুলাই) বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুভসূচনা করে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। রহমতগঞ্জের জয়ে জোড়া গোল করেন রাশেদুল ইসলাম শুভ। অপর দুই গোলদাতা মানডে ওসাগি ও ইসমাইল বাঙ্গুরা।

ম্যাচের পঞ্চদশ মিনিটে এগিয়ে যায় রহমতগঞ্জ। মোহাম্মদ সোহেলের আড়াআড়ি পাস থেকে পাওয়া বল দারুণ শটে জালে জড়িয়ে দেন শুভ।

চার মিনিট পর সমতায় ফেরে আরামবাগ। সুমন দের ক্রসে এলামলি বুকোলার হেডে পরাস্ত হন গোলরক্ষক মোহাম্মদ রাজীব।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও এগিয়ে যায় রহমতগঞ্জ। ডি-বক্সের একটু ওপর থেকে নাইজেরিয়ান ডিফেন্ডার মানডে ফ্রি কিক থেকে লক্ষ্যভেদ করেন। পেনাল্টি থেকে ছয় মিনিট পর আরামবাগকে সমতায় ফেরান ক্যামেরুনের ফরোয়ার্ড ইকাঙ্গা।

৭৭ তম মিনিটে শুভর ক্রস ব্যাক হেডে জালে জড়িয়ে দেন বাঙ্গুরা। পাঁচ মিনিট পর আরামবাগের ম্যাচে ফেরা আরও কঠিন করে দেয় কামাল বাবুর দল। বাঁ দিক থেকে ডি বক্সে ডুকে ডিফেন্ডার রকিকে কাটিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন শুভ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.