Sylhet Today 24 PRINT

ভালভার্দেকে নেইমারের অভাব বুঝতে দেননি মেসিরা

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০৮ আগস্ট, ২০১৭

নিজে গোল করলেন একটি আর সতীর্থদের দিয়ে করালেন আরও দুটি। আর মেসির এই দুর্দান্ত জাদুতেই ব্রাজিলের ক্লাব শাপেকোয়েন্সকে ৫-০ গোলে হারিয়ে জুয়ান গাম্পের ট্রফি জিতে নিয়েছে ভালভার্দের দল।

এককথায় দুর্দান্ত নৈপুণ্য। সঙ্গে ছিলেন জেরার্ড ডিলোফিউ, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস আর ডেনিস সুয়ারেজের দৃঢ়তা। ভালভার্দেকে একটুও বুঝতে দেয়নি নেইমারের অভাব।

সোমবার (৮ আগস্ট) ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়ে খেলতে থাকে বার্সা। এরই ধারাবাহিকতায় ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের সুযোগ পায় মেসি। তবে বল জালে জড়াতে ব্যর্থ হন মেসি। পরের মিনিটে আরেকটি সহজ সুযোগ নষ্ট করেন সুয়ারেজ।

গত নভেম্বরে কোপা সুদামেরিকানার ফাইনালের প্রথম লেগে কলম্বিয়ার অ্যাথলেটিকো নাসিওনালের বিপক্ষে খেলতে মেদেলিন যাওয়ার পথে বিধ্বস্ত হয় শাপেকোয়েন্স খেলোয়াড় বহনকারী বিমানটি। ওই দুর্ঘটনায় মারা যায় ৭১ জন যাত্রী। প্রাণ হারানো সবার প্রতি শ্রদ্ধা জানাতে ব্রাজিলের ক্লাবটিকে আমন্ত্রণ জানায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

এই জয়ে গাম্পের ট্রফি জিতল বার্সা। বার্সেলোনার প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জুয়ান গাম্পেরের নামানুসারে এই ম্যাচের আয়োজন করে বার্সেলোনা। এবার এই ট্রফির ৫২তম সংস্করণ হলো। এর আগে প্রস্তুতিমূলক ম্যাচ গাম্পের ট্রফির গত সংস্করণে ইতালির ক্লাব সাম্পদোরিয়াকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল বার্সেলোনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.