স্পোর্টস ডেস্ক | ১৩ আগস্ট, ২০১৭
বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ভালো আছেন। তিনি হাসপাতাল ছেড়ে হোটেলে উঠেছেন। আসছে দুয়েক দিনের মধ্যেই দেশে ফিরবেন। এমনটাই জানিয়েছেন জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
শনিবার (১৩ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুজন সম্পর্কে তথ্য দেন ইউনুস
জালাল ইউনুস জানান, দেশে ফিরলেও সম্ভবত ম্যানেজার হিসেবে থাকছেন না অস্ট্রেলিয়া সিরিজে। কারণ তার (সুজন) বিশ্রামের দরকার আরও কিছু দিন।
চিকিৎসার কারণে বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন খালেদ মাহমুদ সুজন। তবে তিনি শঙ্কামুক্ত।
গুরুতর অসুস্থ হয়ে ৩০ জুলাই রাতে খালেদ মাহমুদ সুজন ভর্তি হয়েছিলেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। ওইদিনই রাতের দিকে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়। পরের দিন সকাল থেকে অবস্থার কিছুটা উন্নতি হলেও তাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি বিসিবি। এ কারণে পরদিন রাতেই উন্নত চিকিৎসার্থে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় সুজনকে।