Sylhet Today 24 PRINT

প্রস্তুতি ম্যাচের ভেন্যু চূড়ান্ত হতে পারে বুধবার

ক্রীড়া প্রতিবেদক |  ১৫ আগস্ট, ২০১৭

আসছে অস্ট্রেলিয়া। এদিকে সব ঠিক ঠাক। কেবল ফতুল্লার মাঠে এখনো হাঁটুজল।  ওই মাঠেই যে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিলো অস্ট্রেলিয়া ক্রিকেট দলের।  আকাশে যা অবস্থা ফতুল্লার পানি শুকানোর সম্ভাবনাও নেই। ভেন্যু তাই বদল হচ্ছেই , তবে সেটা কোথায় জানা যেতে পারে বুধবার।

মঙ্গলবার রাতেই শন ক্যারলের নেতৃত্বের দুই সদস্যের অস্ট্রেলিয়ার অগ্রবর্তী দল ঢাকায় আসবে। বুধবার মাঠ পরিদর্শন করেই নেওয়া হবে সিদ্ধান্ত। ক্যারলদের ঢাকায় আসার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক ম্যানেজার কাউসার আজিম সজীব।

 বুধবার সকালে তারা  ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম পরিদর্শন করবে। এরপর সেখান থেকে এসে প্রস্তুতি ম্যাচের জন্য বিকল্প ভেন্যু ইউনিভার্সিটি অব লিভারেল আর্টস (ইউল্যাবের) মাঠে দেখতে যাবে। ওইদিনই মিরপুর স্টেডিয়াম ঘুরে রাতে চট্টগ্রাম চলে যাবে তারা।  

অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় প্রস্তুতি ম্যাচের ভেন্যু চূড়ান্ত করা হবে। বিসিবি সূত্র থেকে জানা গেছে বুধবারই সে সিদ্ধান্ত হয়ে যাবে। তবে আপাতত ফতুল্লায় খেলা হবার সম্ভাবনা একেবারেই কম। সেখানে জমে থাকা পানি সরানোর চেষ্টা করা হলেও গেল কদিনের বৃষ্টিতে  ফের পানি জমে যাচ্ছে।

ঢাকা শহর থেকে ঘণ্টা খানেকের বেশি দূরত্বে হওয়া বিকেএসপির কথা আগেই বাদ দিতে বলেছে অস্ট্রেলিয়া। আলোচনায় ছিলো সিলেট। তবে সে ভেন্যুতে নিরাপত্তা দল সফর না করায় তা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

মূলত ইউল্যাবের মাঠে খেলা হতে পারে কিনা শন ক্যারলরা সেটাই দেখবেন। তাতে সন্তুষ্ট না হলে মূল টেস্টের ভেন্যু মিরপুরেই অস্ট্রেলিয়াকে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ দিতে পারে বিসিবি।

১৮ আগস্ট ঢাকায় নামবে স্টিভেন স্মিথের দল। ২৭ আগস্ট প্রথম টেস্টের আগে ২২ আগস্ট থেকে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা তাদের। সিরিজের শেষ টেস্ট ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.