Sylhet Today 24 PRINT

বারবার এত উইকেট পাওয়া সম্ভব না: মিরাজ

ক্রীড়া প্রতিবেদক |  ১৬ আগস্ট, ২০১৭

ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজেই বাজিমাত করেছিলেন। দুই টেস্টে নিয়েছিলেন ১৯ উইকেট। প্রথম টেস্টে দলকে জেতাতে না পারলেও পরেরটির দুই ইনিংসে ছয়ের নামতা গুনে গুনে তুলেছেন উইকেট।  মেহেদী হাসান মিরাজ অস্ট্রেলিয়া সিরিজের আগে সবাইকে সতর্ক করে দিয়ে জানালেন, বারবার এত উইকেট তোলা সম্ভব না।

ক্রিকেট পাগল দেশে একবার হিরো বনে গেলে প্রত্যাশার পারদ কোথায় যায় ভালো করে বুঝে গেছেন এই বয়সে। ২০ বছরের তরুণের ঘাড়ের উপর বসানো পরিপক্ব মস্তিষ্ক। আগেভাগেই সে পারদ নামাতে চাইলেন তিনি। সিপিএল খেলে দেশে ফিরে বুধবার এসেছিলেন গণমাধ্যমের সামনে। মিরাজ বললেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে যেটা হয়েছে সেটা সব সময় করা সম্ভব না। লাইফে একবার-দুইবার হতে পারে। আবার এরকম নাও হতে পারে। ওটা অপ্রত্যাশিত।’

তখনকার মিরাজের কাছে ওটা অপ্রত্যাশিতই ছিলো বটে। এবার আগের মতো না হলেও তাকি ঘিরেই ক্যাঙ্গারু বধের ছক। সব জানেন, বুঝেন তিনি। নিচ্ছেন সেভাবেই প্রস্তুতি, ‘ওদের (অস্ট্রেলিয়া) নিয়ে আমি আজ প্রথম অনুশীলন করেছি। বোলিং করেছি, ব্যাটিং করে আসলাম। আশা করি ১০-১২ দিনে নিজেকে তৈরি করতে পারবো। ’

ইংল্যান্ড সিরিজ পর আর পাঁচ উইকেট পাওয়া হয়নি তার। নিউ জিল্যান্ড সফর গেছে হতাশায়। ভারতে গিয়ে পারেননি সুবিধা করতে। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে অবশ্য নিয়েছেন মোট ১০ উইকেট।

মিরাজের বোলিং এর পাশাপাশি তার ব্যাটিংটাও অস্ট্রেলিয়া সিরিজে গুরুত্বপূর্ণ। ক্যারিয়ারের শুরুতে ব্যাট হাতে জড়তা থাকলেও গেল ভারতের বিপক্ষে দেখিয়েছিলেন দৃঢ়তা। ব্যাট হাতে আস্থার ছবি আছে শ্রীলঙ্কা সফরেও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.