ক্রীড়া প্রতিবেদক | ১৭ আগস্ট, ২০১৭
ক্রিশ্চিয়ানো রোনালদো নাই, প্রথম একাদশে নাই গ্যারেথ বেল ও ইসকো; কিন্তু জিদানের দল ঠিকই উড়িয়ে দিল বার্সেলোনাকে। দ্বিতীয় লেগে ২-০ গোলের ব্যবধান আর দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের বিশাল ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনাকে পরাজিত করে স্প্যানিশ সুপার কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ।
বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে বার্সেলোনা পাত্তাই পায়নি রিয়াল মাদ্রিদের কাছে। বার্সার অগোছালো ফুটবলের বিপরিতে রিয়ালের গোছালো দুরন্ত ফুটবলশৈলিতে মুগ্ধ হয়েছে মাঠ ও মাঠের বাইরে থাকা কোটি দর্শক।
পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞায় ক্রিশ্চিয়ানো রোনালদো। গ্যারেথ বেল ও ইসকোকেও একাদশের বাইরে রাখেন জিনেদিন জিদান। তবে গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়কে ছাড়া খেলতে নামার দুশ্চিন্তায় দলকে একটুও পেয়ে বসতে দেননি আসেনসিও।
ঘরের মাঠে জালের দেখা পেতে সময় নিল মাত্র চার মিনিট। প্রায় ৩০ গজ দূর থেকে তার আচমকা শট যে জালে ঢুকতে পারে তা যেন ভাবতেই পারেননি সামান্য এগিয়ে থাকা মার্ক আন্ড্রে টের স্টেগেন, জায়গা থেকে একচুল নড়েননি তিনি। এই নিয়ে টানা ৬৮টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করলো রিয়াল মাদ্রিদ।
বার্সেলোনার খেলা ছিল শুরু থেকেই ছন্দহীন, খেলোয়াড়দের মধ্যে ছিল বোঝাপড়ায় ঘাটতি। নেইমারের অভাব প্রভাব পড়ছিল মাঠে। মেসি-সুয়ারেজ ছিলেন মাঠে, কিন্তু নিষ্প্রভ।
ম্যাচের ৩৯ মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। আর ওটাই শেষ পর্যন্ত স্কোরলাইনে থেকে যায়। ম্যাচে ২-০ গোলে জয়ী হয় রিয়াল মাদ্রিদ; আর প্রথম লেগের ৩-১ গোলের ব্যবধান সহ মূল ব্যবধান আদতে ৫-১।
এ বছরে এই নিয়ে চতুর্থ এবং ২০১৭-১৮ মৌসুমে দ্বিতীয় শিরোপা জয় রিয়াল মাদ্রিদের। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতেছিল মাদ্রিদের ক্লাবটি।