Sylhet Today 24 PRINT

ফাহিমের হ্যাটট্রিক, ৪ গোলে জিতল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক |  ১৮ আগস্ট, ২০১৭

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে চার গোলে পরাজিত করেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ম্যাচে হ্যাটট্রিক করেছেন ফয়সাল আহমেদ ফাহিম।

নেপালের এএনএফএ কমপ্লেক্সে শুক্রবার ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচের এ জয়ে সেমি-ফাইনাল অনেকটাই নিশ্চিত করা মাসুদ পারভেজের দল আগামী মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটানের মুখোমুখি হবে।

শিরোপা ধরে রাখার মিশনে নামা বাংলাদেশ ২৯তম মিনিটেই এগিয়ে যায়। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন ফয়সাল।

চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল। এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে বল বের করে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান আরও বাড়িয়ে জয় অনেকটাই নিশ্চিত করে নেয় বাংলাদেশ। নাজমুল বিশ্বাসের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।

পেনাল্টি থেকে ৭৪তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ফয়সাল। নিশ্চিত হয়ে যায় বাংলাদেশেরও বড় জয়।

২০১১ সালে নেপাল থেকে যাত্রা শুরু হয় সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের। দু’বছর পর নেপালেই বসেছিল দ্বিতীয় আসর। ২০১৫ সালে তৃতীয় আসর বসে বাংলাদেশের সিলেটে।

নেপালের কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত কিশোর ফুটবলারদের এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয়টি দেশ।

এ-গ্রুপে বাংলাদেশের অপর প্রতিপক্ষ ভুটান। অন্যদিকে বি-গ্রুপে ভারত, নেপাল ও মালদ্বীপ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.