Sylhet Today 24 PRINT

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ব্যর্থতায় তিন দিনেই বিব্রতকর হার

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২০ আগস্ট, ২০১৭

ছবিঃ ক্রিকইনফো

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ছন্নছাড়া ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং। প্রতিরোধ গড়তে পারলেন না কেউই। তিন দিনেই অতিথিদের গুঁড়িয়ে দিয়ে ইংল্যান্ডের মাটিতে প্রথম দিন-রাতের টেস্ট জিতেছে জো রুটের দল। আর এ হারের ফলে এজবাস্টন টেস্ট ইনিংস ও ২০৯ রানের বিশাল ব্যবধানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড।

এজবাস্টনে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল ইংল্যান্ড। দ্বিতীয় দিনের প্রায় পুরোটাই ব্যাটিং করে সংগ্রহ করেছিল ৫১৪ রান। সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক খেলেছেন ২৪৩ রানের নজরকাড়া ইনিংস। কম যাননি বর্তমান অধিনায়ক জো রুটও। তাঁর ব্যাট থেকেও এসেছে শতরানের (১৩৬) ইনিংস। তৃতীয় উইকেটে তাঁরা গড়েছিলেন ২৪৮ রানের জুটি। শেষপর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৫১৪ রান সংগ্রহের পর ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকরা।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের বাকি সময়ে ৪৪ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছিল একটি উইকেট। তৃতীয় দিনে তাদের ইনিংস ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ব্যাটিং করতে পেরেছে মাত্র ৪৭ ওভার। ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১৬৮ রানে। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আরো বেহাল অবস্থা হয়েছে সফরকারীদের। তৃতীয় দিনের বাকি সময়ের খেলায় তাদের ইনিংস শেষ হয়েছে মাত্র ১৩৮ রানে।

দুর্দান্ত বোলিং করে ওয়েস্ট ইন্ডিজকে ভুগিয়েছেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। দুই ইনিংস মিলিয়ে দুজনেই নিয়েছেন পাঁচটি করে উইকেট। চার উইকেট পেয়েছেন আরেক পেসার টোবি জোনস। তিনটি উইকেট গেছে মইন আলির ঝুলিতে। ২৪৩ রানের দারুণ ইনিংস খেলার সুবাদে ম্যাচসেরার পুরস্কারটা অবশ্য উঠেছে কুকের হাতে।

আগামী ২৫ আগস্ট থেকে হেডিংলিতে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

এক নজরে সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৫১৪/৮ ইনিংস ঘোষণা।

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৬৮।

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৪৫.৪ ওভারে ১৩৭ (ব্র্যাথওয়েট ৪০, পাওয়েল ২০, কাইল ১২, শাই ৪, চেইস ২৪, ব্ল্যাকউড ১২, ডরিচ ৫, হোল্ডার ০, রোচ ১২, জোসেফ ৮, কামিন্স ০*; অ্যান্ডারসন ২/১২, ব্রড ৩/৩৪, রোল্যান্ড-জোন্স ২/১৮, স্টোকস ১/৯, মইন ২/৫)।

তথ্যসূত্র: ক্রিকইনফো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.