সিলেটটুডে ডেস্ক | ২৪ আগস্ট, ২০১৭
বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান লেফটব্যাক রবার্তো কার্লোসকে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। অভিযোগ সাবেক স্ত্রীর কাছে থাকা সন্তানদের সময়মত ভরণপোষণের খরচ না দেওয়া।
রিও ডি জেনিরোর বিচার বিভাগ সন্তানদের ভরণপোষণের খরচ না দেওয়ায় সাবেক এ তারকা ডিফেন্ডারকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে। সাবেক সঙ্গিনী বারবারা থার্লারের কাছে ৬১ হাজার রিয়াল (২০ হাজার ডলার) বকেয়া আছে তার।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই টাকা না দেওয়ার পেছনে নিজের অর্থনৈতিক দুরবস্থাকে কারণ হিসেবে দেখিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।
কদিন আগেই নবম সন্তানের বাবা হয়েছেন ইতিহাসের অন্যতম সেরা লেফট ব্যাক। বর্তমান স্ত্রী মারিয়ানা লুসোনের নাম অনুসারে মেয়ের নাম রেখেছেন মারিয়ানা। এর মধ্যেই সাবেক স্ত্রী তাকে আদালতে নিলেন।
এর আগে ২০০২ জাপান-কোরিয়া বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের মিডফিল্ডার এডিলসন সিলভা ফেরেইরা একই কারণে দুবার জেলে গিয়েছেন। ভরণপোষণের খরচে তার বকেয়া ছিল ৪ লাখ ৩০ হাজার রিয়াল (১ লাখ ৩৬ হাজার ডলার)।