Sylhet Today 24 PRINT

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ, বললেন সাকিবও

স্পোর্টস ডেস্ক |  ২৪ আগস্ট, ২০১৭

পৃথিবীর যেকোনো কন্ডিশনে মানিয়ে নেওয়া দল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানালেন আসন্ন সিরিজে তারা দুই ম্যাচই জিততে চান।

বাংলাদেশ দলের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার কথা জানিয়েছিলেন। অধিনায়ক মুশফিকুর রহিমও বলেছিলেন দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টেই জেতার সামর্থ্য তার দলের আছে।

কোচ আর অধিনায়কের কথার পর এবার আসল দলের সেরা ক্রিকেটারটির কাছ থেকে। তিন সংস্করণের ক্রিকেটেই এক নম্বর অলরাউন্ডার সাকিবের কণ্ঠে, ‘আমার তো মনে হয় তা সম্ভব। সম্ভব না হওয়ার তো কিছু দেখি না। আর প্রত্যাশা- দুই টেস্টই জেতা।’

সাকিব জানেন কাজটা কঠিন। বিশেষ করে যে কোনও পরিবেশে তাদের মানিয়ে নেওয়ার ক্ষমতাই সিরিজটিকে বেশ কঠিন করে তুলবে বলে। বললেন, ‘ওদের কালচারটা এমন যে ওরা সব কন্ডিশনে মানিয়ে নিতে পারে। হয়তো কষ্ট হয়, হবেও। বৃষ্টি আছে, গরম আছে। তারপরও ওরা মানিয়ে নেবে। আগেও নিয়েছে। ওদেরকে হারাতে তাই আমাদের সেরা ক্রিকেটই খেলতে হবে।’

সাকিব জানালেন, ‘কন্ডিশন বা অন্যকিছুর উপর নির্ভর করে সিরিজ শুরুর চিন্তা করাটা মনে হয় না খুব একটা ভালো হবে। আমাদের চিন্তাই থাকা উচিত যে, আমরা যাতে যে কোনও পরিস্থিতি ওদের চেয়ে ভালোভাবে মোকাবেলা করতে পারি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.