Sylhet Today 24 PRINT

স্বপ্নভঙ্গ বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক |  ২৫ আগস্ট, ২০১৭

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালের কাছে হেরে গেছে বাংলাদেশ। ম্যাচের স্কোরলাইন নেপাল ৪- বাংলাদেশ ২।

শুক্রবার (২৫ আগস্ট) প্রথম সেমি-ফাইনালে পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা চারে ওঠা নেপাল। রনদিপের নিচু ক্রসে আকাশ বুদ্ধ মাগার গোলমুখ থেকে সহজে লক্ষ্যভেদ করেন।

৩০তম মিনিটে ডিফেন্স আর গোলরক্ষকের হাস্যকর ভুলে ম্যাচে ফেরা আরও কঠিন হয়ে যায় বাংলাদেশের জন্য। বাঁ দিক থেকে আসা ক্রসে নেপালের এক খেলোয়াড় হেড করার পর বল গোলমুখ থেকে বিপদমুক্ত করেননি ডিফেন্ডার সাদেকুজ্জামান; ইমন হাওলাদার গ্লাভসবন্দী করতেও ব্যর্থ হন। দৌড়ে এসে ব্যবধান দ্বিগুণ করেন আকাশ।

৫৯তম মিনিটে মিরাজ মোল্লার শট ক্রসবার উঁচিয়ে বেরিয়ে গেলে হতাশ হতে হয় বাংলাদেশকে। ৬৪তম মিনিটে নাজমুলের আত্মঘাতী গোলে আরও পিছিয়ে পড়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে সেমি-ফাইনালে ওঠা মোস্তফা মনোয়ারের দল।

তবে দুই মিনিটের মধ্যে ফয়সালের জোড়া গোলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৭২তম মিনিটে ফয়সালের ছোট ফ্রি কিক মিরাজ থামানোর পর ফয়সালেরই নেওয়া শট ঠিকানা খুঁজে পায়। এরপর ডি বক্সের জটলার মধ্যে থেকে স্কোরলাইন ৩-২ করেন তিনি।

যোগ করা সময়ে প্রতিপক্ষের রক্ষণে প্রচণ্ড চাপ দেয় বাংলাদেশ। কিন্তু প্রতিআক্রমণ থেকে স্কোরলাইন ৪-২ করে নেয় নেপাল।

ফয়সালের হ্যাটট্রিকে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারানোর পর ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.