স্পোর্টস ডেস্ক | ২৭ আগস্ট, ২০১৭
আমরা জানতাম যে নয়টা ওভার পাবো। এর মধ্যে উইকেট ফেলতে পারলে ভালো হতো। সেটাই হয়েছে। আমরা তাদের চাপে ফেলতে পেরেছি। আমার মনে হয় এখন খেলা আমাদের নিয়ন্ত্রণে। তবে এখনো ক্রিজে থাকা অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভেন স্মিথই আমাদের জন্য বড় হুমকি।
রোববার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের প্রথম দিন শেষে প্রেস কনফারেন্সে সাকিব আল হাসান এসব কথা বলেন।
সাকিব আল হাসান বলেন, আমরা চেয়েছিলাম আড়াইশ’র ঘরে পৌঁছাতে। নাসির, মিরাজ এমনকি শফিউল সেখানে পৌঁছতে কার্যকর ভূমিকা রেখেছে।
তিনি বলেন, বল শুরু থেকেই ঘুরছিল। বাউন্সও ঠিক সমান ছিল না। কখনো স্বাভাবিকের চেয়ে একটু লাফিয়ে উঠেছে। আবার কোনো কোনো বল নিচুও হয়েছে।
তবে স্মিথকে হুমকি মানছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। তিনি বলেন, অবশ্যই স্মিথই সবচে' বড় হুমকি। তিনি বিশ্বের এক বা দুই নম্বর ব্যাটসম্যান। রেকর্ডই তার হয়ে কথা বলে। সবশেষ তিনি যখন ভারতে এসে খেলেছেন, কয়েকটা সেঞ্চুরি করেছেন। তার মতো বিশ্বমানের ব্যাটসম্যানকে বোলিং করা বিরাট চ্যালেঞ্জ। এখনো যেহেতু তিনি ক্রিজে আছে, তাই আমাদের জন্য তিনি বড় হুমকিও।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। অজিদের বিপক্ষে মাত্র দশ রান তুলতেই তিন উইকেট হারায় বাংলাদেশ। এমন সময় ওপেনার তামিম ইকবালকে সঙ্গ দিতে মাঠে আসেন সাকিব।
চতুর্থ উইকেট জুটিতে তারা দুজন ১৫৫ রান তুলে দলকে বিপর্যয় থেকে রক্ষা করেন। তামিম ব্যক্তিগত ৭১ রানে আউট হন। সাকিব ৮৪ রান করে মাঠ ছাড়েন। দুজনেরই ৫০তম টেস্ট ম্যাচ ছিল এটি। নিজেদের ৫০তম টেস্টে ৫০ রান পার করেছেন দুজনেই।