Sylhet Today 24 PRINT

সাকিবের পাল্টা আঘাত

স্পোর্টস ডেস্ক |  ২৮ আগস্ট, ২০১৭

তৃতীয় সেশনের দ্বিতীয় ওভারে আঘাত হেনেছেন সাকিব আল হাসান। ড্রাইভ করতে গিয়ে ব্যাটের কানায় লেগে বোল্ড হয়েছেন প্যাট কামিন্স।

২৫ রান করা কামিন্স সাকিবের চতুর্থ শিকার।

কামিন্সের বিদায়ে ভেঙেছে ৪৯ রানের নবম উইকেট জুটি। তার বিদায়ের সময়ের দলের স্কোর ১৯৩/৯।

অ্যাশটন অ্যাগারের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন ১১ নম্বর ব্যাটসম্যান জশ হেইজেলউড।

এর আগে ৩ উইকেটে ১৮ রান নিয়ে সোমবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া।


নিজের দ্বিতীয় ওভারেই অজি অধিনায়ক স্মিথকে বোল্ড করেন মিরাজ। স্মিথ মাত্র ৮ রান করেন।

এরপর ধুঁকতে থাকা অস্ট্রেলিয়ার ইনিংস মেরামত করেন রেনশ এবং হ্যান্ডসকম্ব। তাদের জুটিতে আসে ৬৯ রান। এরপর জুটি ভাঙেন তাইজুল। হ্যান্ডসকম্বকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। হ্যান্ডসকম্ব ৩৩ রান করেন।

উইকেটে সেট হওয়া রেনশকে ফিরিয়ে নিজের দ্বিতীয় শিকার তুলে নেন সাকিব। রেনশ ৪৫ রান করে সৌম্যর হাতে ধরা পড়েন।

লাঞ্চ বিরতির পর আঘাত হানেন মিরাজ। ম্যাথু ওয়েডকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। ওয়েড মাত্র ৫ রান করেন। এরপর ম্যাক্সওয়েল ওয়ানডে স্টাইলে খেলে রান সংগ্রহ করার চেষ্টা করেন।

তবে তার ইনিংসকে বড় হতে দেননি সাকিব। সাকিবের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন ম্যাক্সওয়েল। তিনি ২৩ রান করেন।

একসময়ে মনে হয়েছিল বাংলাদেশ হয়তো শতরান বা তারও বেশি লিড নিবে। কিন্তু প্রতিরোধ গড়েছেন কামিন্স ও আগার।

প্রথমদিন রোববার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশ ২৬০ রানে অলআউট হয়।

দলের পক্ষে সাকিব ৮৪ এবং তামিম ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া বাংলাদেশ দলে আর কোনো উল্লেখযোগ্য ইনিংস নেই।

অস্ট্রেলিয়ার হয়ে পেট কামিন্স, নাথান লায়ন ও অ্যাস্টন আগার প্রত্যকেই ৩টি করে এবং গ্লেন ম্যাক্সওয়েল ১টি উইকেট লাভ করেন।

বাংলাদেশকে অলআউট করে মাঠে নামে অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে সাকিব ও মেহেদী হাসান মিরাজের স্পিন জাদুতে বিপর্যয়ে পড়ে সফরকারীরা।

১৪ রানেই তিন উইকেট পড়ে অজিদের। ওয়ার্নার ৮ রানে মিরাজের শিকার হন। নাথান লায়ন রানের খাতা খোলার আগেই সাকিবের বলে প্যাভিলিয়নের পথ ধরেন।

আর উসমান খাজা ব্যক্তিগত ১ রানে রান আউটের শিকার হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.