অবশেষে কেটে গেলো শঙ্কার মেঘ। নারী নির্যাতন আইনে চিত্রনায়িকা নাজনীন আকতার হ্যাপীর মামলায় গ্রেপ্তার হওয়ায় এই ক্রিকেটারের বিশ্বকাপ যাত্রা শঙ্কার মধ্যে পড়ে গিয়েছিল। রুবেলের আইনজীবীরা রোববার মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে এ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস শুনানি শেষে অভিযোগপত্র দাখিল হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন। রুবেলের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ । অন্যদিকে হ্যাপীর পক্ষে ছিলেন তুহীন হাওলাদার।
১৩ ডিসেম্বর ২০১৪ রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মিরপুর থানায় মামলা করেন হ্যাপী, যাতে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক’ গড়ার অভিযোগ আনা হয়। তবে হ্যাপীর অভিযোগ নাকচ করে এই ক্রিকেটার বলে আসছেন, এই তরুণী তাকে ‘ব্ল্যাকমেইল’ করছেন।
রুবেল ১৫ ডিসেম্বর হাই কোর্টে হাজির হয়ে আগাম জামিন চাইলে বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ চার সপ্তাহের জামিন মঞ্জুর করে। ওই জামিনের মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগেই গত ৮ জানুয়ারি রুবেল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মদ আনোয়ার ছাদাত জামিন নাকচ করে রুবেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শনিবার (১০ জানুয়ারি) কারাগারে গিয়ে রুবেলকে দেখে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি আকরাম খান জানান, এই পেসার মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান জানান, রুবেল হোসেনকে বিশ্বকাপ দলে রাখা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন তারা। আসছে ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট খেলতে জানুয়ারির শেষ সপ্তাহে রওনা হতে পারে বাংলাদেশ ক্রিকেট দল।
রুবেলকে জাতীয় দল ও বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার জন্য হ্যাপী হাই কোর্টে একটি রিট আবেদন করলেও আদালত তা খারিজ করে দেয়। এর বিরুদ্ধে আপিল করবেন বলেও ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। হ্যাপী নারী নির্যাতন আইনে মামলা করায় পুলিশের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা করা হয়। ওই পরীক্ষার প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি হ্যাপীকে জোর করে যৌন সম্পর্কে বাধ্য করা হয়েছে, এমন কোনো আলামত চিকিৎসকরা পাননি।
এদিকে হ্যাপীর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. মাসুদ পারভেজের আবেদনে গত ৩১ ডিসেম্বর ঢাকার একটি আদালত রুবেলের ডিএনএ পরীক্ষারও অনুমতি দিয়েছে।