Sylhet Today 24 PRINT

কৌতিনহোকে বার্সায় না যাওয়ার পরামর্শ নেইমারের!

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ৩০ আগস্ট, ২০১৭

দলবদল নিয়ে বার্সেলোনা ও নেইমারের মধ্যে শুরু হওয়া তিক্ত সম্পর্কটা দিনকে দিন আরও তেঁতো হচ্ছে। কথা না রাখার অভিযোগ তুলে একে অপরকে কাঠগড়ায়ও তুলেছে। ঘোলাটে এমন পরিস্থিতির মধ্যেই নতুন বোমা ফাটালেন নেইমার। কৌতিনহোকে বার্সায় না যাওয়ার পরামর্শ দিয়েছেন পিএসজি সুপারস্টার।

আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে নেইমার এবং কৌতিনহো এখন ব্রাজিলে। জাতীয় দলের হয়ে একসঙ্গে সময় কাটানোর সময়ই নাকি স্বদেশীকে বার্সামুখী না হওয়ার পরামর্শ দিয়েছেন নেইমার। সাও পাওলো ভিত্তিক এস্তেদেও পত্রিকার বরাতে এমনটাই জানাচ্ছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।

নেইমার ব্রাজিলের হয়ে প্রস্তুতির ফাঁকেই ফিলিপে কৌতিনহোকে বার্সেলোনায় যেতে বারণ করেছেন। মার্কার এই দাবি যদি সত্যিই হয়, তবে নেইমার ও বার্সেলোনার সম্পর্ক আরও তিক্ততার পর্যায়েই চলে যাবে।

নেইমার পিএসজিতে যাওয়ার পর তার জায়গা পূরণে কৌতিনহোকে প্রধান টার্গেট করে এগোতে থাকে বার্সেলোনা। লিভারপুল শুরুতে কৌতিনহোকে না ছাড়তে বদ্ধপরিকর হলেও চেষ্টা অব্যাহত রেখেছে কাতালানরা। শেষ খবর ১৬০ মিলিয়ন ইউরো দিলে প্রস্তাব গ্রহণ করবে ইংলিশ ক্লাবটি। কথা যখন এগোচ্ছে, দলবদলের বাকি আর দুই দিন, তখন নেইমারের এমন পরামর্শ বার্সার মাথাব্যথার কারণই হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.