Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে ঈদ জামাতে নাসির-মুমিনুলদের সঙ্গে উসমান খাজা

নিজস্ব প্রতিবেদক |  ০২ সেপ্টেম্বর, ২০১৭

চট্টগ্রাম নগরীর পুলিশ লাইন মসজিদে জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান, নাসির হোসেন, মুমিনুল হকদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজা।

শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ঈদের এ জামাতে নামাজ আদায় করেন তারা।

নাসির হোসেনের বাড়ি রংপুরে। চট্টগ্রাম থেকে তা অনেক দূরে। মুমিনুল হক কক্সবাজারে, খুব দূরে না হলেও তিনিও বাড়ি যেতে পারছেন না। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ চলমান। চট্টগ্রামেই দুদিন পর শুরু শেষ টেস্ট। বাড়ির বাইরে চট্টগ্রামেই ঈদ করতে হচ্ছে তাদের।

শনিবার সকালে ঈদুল আযহার নামাজ আদায় করতে চট্টগ্রাম নগরীর পুলিশ লাইন মসজিদে হাজির হন নাসির ও মুমিনুল। বিকেলে বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন আছে। সন্ধ্যায় তামিম ইকবালের কাজির দেউড়ির বাসায় আছে মেজবানের দাওয়াত।

দ্বিতীয় টেস্ট খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলও এখন চট্টগ্রামে অবস্থান করছে।

এদিকে ৪ সেপ্টেম্বরের সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচকে সামনে রেখে শনিবার দুপুর ১টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলনে মাঠে নামছে লাল-সবুজের দল। এ ভেন্যুতে দুপুর ২টা থেকে অনুশীলন করবে অজিরা।

এর আগে মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে অজিদের বিপক্ষে ২০ রানের ঐতিহাসিক জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে টাইগাররা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.