Sylhet Today 24 PRINT

চট্টগ্রাম টেস্টে টাইগারদের বিপক্ষে ইতিহাস গড়লেন লায়ন

ক্রীড়া প্রতিবেদক |  ০৪ সেপ্টেম্বর, ২০১৭

ছবি: ক্রিকইনফো

ঢাকায় প্রথম টেস্টে টাইগার ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছিলেন অজি স্পিনার নাথান লায়ন। চট্টগ্রামে সোমবার (৪ সেপ্টেম্বর) শুরু হওয়া দ্বিতীয় টেস্টেও তাঁর সঙ্গে লড়াইয়ে পেরে ওঠেনি বাংলাদেশের টপ অর্ডার।

লায়নের দারুণ ঘূর্ণিতে একে একে সাজঘরে ফিরে গেছেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার ও মুমিনুল হক। চারজনকেই এলবিডব্লিউ'র ফাঁদে ফেলেন এই অস্ট্রেলিয়ান স্পিনার। আর এর মধ্য দিয়ে ইতিহাসে নিজের নাম লিখিয়ে ফেলেছেন লায়ন। টেস্ট ইতিহাসের প্রথম বোলার হিসেবে কোনো দলের টপ অর্ডারের চারজন ব্যাটসম্যানকেই লেগ বিফোরের ফাঁদে ফেলার কীর্তি গড়লেন তিনি।

সোমবার সকালে টসে জিতে ব্যাটিংয়ে নেমে লায়নের মায়াবী স্পিনে প্রথম ঘণ্টায় তামিম ও ইমরুলকে হারায় বাংলাদেশ। দুজনকেই লেগ বিফোরের ফাঁদে ফেলে লায়ন। এরপর মুমিনুল হক ও সৌম্য সরকার চেষ্টা করেন প্রতিরোধ গড়ে তোলার। কিন্তু ছন্দপতন ঘটান সেই লায়ন। লাঞ্চের আগে ও পরে এই দু'জনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি।

ক্রিকইনফো নিশ্চিত করেছে, টেস্ট ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো দলের শীর্ষ চার ব্যাটসম্যান একই বোলারের বিপক্ষে লেগ বিফোরের ফাঁদে পড়লেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪৬ রানে ৫ উইকেট হারিয়ে বেশ বিপদে আছে বাংলাদেশ। সর্বশেষ ফিরে গেছেন ২৪ রান করা সাকিব আল হাসান। অধিনায়ক মুশফিকুর রহিমের (২৫) সাথে ক্রিজে আছে সাব্বির রহমান (২৩)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.