Sylhet Today 24 PRINT

মোস্তাফিজকে আইসিসির শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৭

বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আইসিসি। বুধবার (৬ সেপ্টেম্বর) ছিল মোস্তাফিজের জন্মদিন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মোস্তাফিজকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি লিখেছে, “তিনি দারুণ প্রতিভাবান একজন তরুণ পেসার। ২০১৫ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১১ উইকেট নিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। শুভ জন্মদিন ‘দ্য ফিজ’ মোস্তাফিজুর রহমান।”

আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজের আবির্ভাব সত্যিই দুর্দান্ত হয়েছিল। ২০১৫ সালে জুনে জীবনের প্রথম ওয়ানডেতেই পাঁচ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিয়েছিলেন ভারতকে। পরের ম্যাচে ছয় উইকেট নিয়ে আবার বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন তিনি। ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়ে বিশাল ভূমিকা ছিল তাঁর।

ভারত সিরিজের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি ‘ফিজ’কে। সে বছর জুলাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে মোস্তাফিজের অবদান ছিল পাঁচ উইকেট। একই বছর নভেম্বরে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা সিরিজে আট উইকেট নিয়েছিলেন তিনি।

ওয়ানডের মতো টেস্ট অভিষেকেও ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন কাটার-মাস্টার। ২০১৫ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত চট্টগ্রাম টেস্টে চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তিনি।

শুধু জাতীয় দলে নয়, আইপিএলেও দারুণ সফল মোস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদের ২০১৫ সালে প্রথম আইপিএল জয়ে তাঁর ভূমিকাও বিশাল। ১৭ উইকেট নেওয়া ছাড়াও পুরো টুর্নামেন্টে কমপক্ষে ২০ ওভার বল করা বোলারদের মধ্যে তাঁর ইকোনমি রেটই ছিল সবচেয়ে ভালো।

২০১৬ সালের জুলাইয়ে যোগ দিয়েছিলেন ইংল্যান্ডের সাসেক্স ক্লাবে। ক্রিকেটের আদিভূমিতেও জীবনের প্রথম ম্যাচে তিনি ম্যাচসেরা হয়েছিলেন। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন ‘ফিজ’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.