Sylhet Today 24 PRINT

বার্সা ছাড়া লা লিগা কল্পনাই করতে পারছেন না জিদান

স্পোর্টস ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০১৭

কাতালুনিয়ার স্বাধীনতাকামী জনগণের দাবি পূরণ হয়ে গেলে স্পেন থেকে আলাদা হয়ে যাবে কাতালুনিয়া, একই সঙ্গে লা লিগা ছাড়তে হবে মেসি-সুয়ায়েজদের বার্সেলোনার। এদিক স্বাধীন হয়ে গেলে বার্সেলোনার লা লিগা ছেড়ে যাওয়াটা কল্পনাও করতে পারছেন না রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান।

স্পেন থেকে কাতালুনিয়া আলাদা হয়ে যাবে কিনা তা নিয়ে আগামী ১ অক্টোবর গণভোট আয়োজনের পরিকল্পনা করছে কাতালান পার্লামেন্ট।

শেষ পর্যন্ত কাতালুনিয়ার স্বাধীনতাকামীদের চাওয়া পূরণ হলে বার্সেলোনা ও এসপানিওল ফ্রান্সের লিগ ওয়ানে খেলার সুযোগ পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। জিদানের মতে, এমন কিছু হলে তা লা লিগার জন্য হবে ক্ষতিকর।

এ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বার্সেলোনা ছাড়া একটি স্প্যানিশ লিগ আমি কল্পনা করতে পারছি না। এই খেলার, ফুটবলের একজন ভক্ত হিসেবে আমি শুধু এটাই বলতে পারি।”

“আমি এই বিষয়ে নিজেকে জড়াতে চাই না। কারণ কিছু মানুষ আছে যারা এটা চায়. আবার কিছু মানুষ চায় না। আমি কেবল তাদের ছাড়া কোনো স্প্যানিশ লিগ দেখতে পারছি না।”

২০১৪ সালে স্বাধীনতাকামীদের পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছিল বার্সেলোনা। সে সময় গণভোট আয়োজনের পক্ষের জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিল লা লিগার অন্যতম সফল ক্লাবটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.