Sylhet Today 24 PRINT

গেইল-লুইস ঝড়ের পর নারিনের ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজের জয়

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৭

ছবি: ক্রিকইনফো

ক্রিস গেইল ও এভিন লুইসের ব্যাটিং ঝড় ও সুনীল নারিনের ঘূর্ণিতে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ২১ রানের জয় তুলে নিলো ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবীয়রা প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৭৬ রান করে। জবাবে ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৫ করে ইংলিশরা।

শনিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের করা ১৭৬ রানের জবাবে ১৫৫ রানে অল আউট হয়েছে ইংল্যান্ড। এর আগে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ইয়ন মরগ্যান। তাতে যেন বিপদ বাড়ে ইংলিশদের।

দুই ওপেনার ক্রিস গেইল ও এভিন লুইস রীতিমতো তাণ্ডব চালান ইংলিশ বোলারদের উপর। ৬ ওভারেই স্কোর ৭০ ছাড়িয়ে যায়। ৬.৩ বলে দলের ৭৭ রানের মাথায় আউট হন গেইল। কিন্তু তার আগেই খেলে যান ২১ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস। গেইল ফিরলেও ফিফটি তুলে নেন লুইস।

২৮ বলে ৫১ রান করে তার আউটে কিছুটা ছন্দ হারায় ক্যারিবিয়ান ইনিংসে। শেষ দিকে রোবম্যান পাওয়েল ১৯ বলে ২৮ রান করলে ১৭৬ রানের বড় পুঁজি পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

জবাব দিতে নেমে ক্যারিবিয়ানদের আঁটসাঁটো বোলিংয়ে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। অলেক্স হেলস (৪৩) ও যশ বাটলার (৩০) কিছুটা আশা দেখিয়েছিলেন তবে নিয়মিত উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছাতে পারেনি তারা।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কার্লোস ব্রেথওয়াইট ৩.৩ বলে করে মাত্র ২০ রান দিয়ে নেন ৩ উইকেট। ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট পান কেসরিক উইলিয়ামস। তবে ম্যাচ সেরা সুনীল নারিন। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট পান তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭৬/৯ (গেইল ৪০, লুইস ৫১, স্যামুয়েলস ১০, ওয়াল্টন ১৩, পোলার্ড ৬, পাওয়েল ২৮, ব্র্যাথওয়েইট ২, নারিন ২, নার্স ১৩*, টেইল ১, উইলিয়ামস ২*; উইলি ০/২০, রুট ০/১১, কুরান ১/৪৬, জর্ডান ১/৪৬, প্লানকেট ৩/২৭, রশিদ ৩/২৫)

ইংল্যান্ড: ১৯.৩ ওভারে ১৫৫ (রয় ০, হেলস ৪৩, রুট ১৭, মরগ্যান ২, বাটলার ৩০, বেয়ারস্টো ২৭, রশিদ ১, উইলি ১, প্লানকেট ১৮, জর্ডান ৬, কুরান ১*; টেইলর ১/৪০, উইলিয়ামস ৩/৩৫, ব্র্যাথওয়েইট ৩/২০, নারিন ২/১৫, নার্স ১/২৩, পোলার্ড ০/১৭)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ২১ রানে জয়ী।

ম্যাচ সেরা:  সুনীল নারিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.