Sylhet Today 24 PRINT

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে নেই ফিল্যান্ডারও

স্পোর্টস ডেস্ক |  ১৯ সেপ্টেম্বর, ২০১৭

বাংলাদেশ সিরিজ শুরু হওয়ার আগে আরেক দুঃসংবাদ শুনল দক্ষিণ আফ্রিকা। ডেল স্টেইন টেস্ট খেলার মতো ফিট নন বলে জানিয়ে দিয়েছেন। ক্রিস মরিস ইনজুরির কারণে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন। নতুন দুঃসংবাদ ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে পড়েছেন দলের তারকা পেসার ভারনন ফিল্যান্ডার।

মরিস ইনজুরির কারণে টেস্ট সিরিজ থেকে বাদ পড়লেও সীমিত ওভারের সিরিজে ফিরবেন বলে আশাবাদ জানিয়েছেন। তবে ক্রিকইনফোর দাবি, ওয়ানডে নয়; শুধু টি-টোয়েন্টি সিরিজে ফিরতে পারেন পেস বোলিং অলরাউন্ডার মরিস।

স্টেইন, ফিল্যান্ডার ও মরিসের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার পেস বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন ক্যাগিসো রাবাদা ও মরনে মরকেল। দুজনকে সঙ্গ দেবেন ডোয়াইন অলিভিয়ে। এছাড়া বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে জায়গা করে নেয়ার অপেক্ষায় রয়েছেন ওয়েন পারনেল, বেউরান হেনরিকস এবং আন্দিলে ফেলুকওয়াইয়ো। মঙ্গলবার শুরু হওয়া ঘরোয়া ক্রিকেটের প্রথম রাউন্ডের ম্যাচ শেষে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করবে দক্ষিণ আফ্রিকা।

আগামী ২৮ সেপ্টেম্বর পচেস্ট্রমে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট। অক্টোবরের ৬ তারিখে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। টেস্ট সিরিজের পর দল দুটি তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.