Sylhet Today 24 PRINT

সেবাইয়োসের গোলে জিতল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৭

মিডফিল্ডার দানি সেবাইয়োসের জোড়া গোলে দেপোর্দিভো আলাভেসকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ২-১ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। স্বাগতিকদের একমাত্র গোলটি করেন মানু গার্সিয়া।

ম্যাচের দশম মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। বাঁ থেকে মার্কো আসেনসিওর কাটব্যাকে বল ধরনে সেবাইয়োস। এক ডিফেন্ডার মুখোমুখি ধাক্কা খেলেও বল বিপদমুক্ত করতে পারেননি। বল নিজের নিয়ন্ত্রণে রেখে ডান পায়ের নিচু শটে জালে পাঠান এ মৌসুমেই রিয়ালে আসা স্প্যানিশ এই মিডফিল্ডার।

৪০তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে সমতায় ফেরে স্বাগতিকরা। ডান দিক থেকে মুনির এল হাদ্দাদির ক্রসে ছুটে এসে জোরালো হেডে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার মানু গার্সিয়া। এবারের আসরে এটাই আলাভেসের প্রথম গোল।

এর তিন মিনিট পর ফের এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ডান দিক থেকে আসা ক্রস গোলরক্ষক ফের্নান্দো পাসেকো ঠিকমতো বিপদমুক্ত করতে পারেননি, ফিরতি বল জোরালো নীচু শটে  জালে জড়ান ২১ বছর বয়সী সেবাইয়োস।

ছয় ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে রিয়ালের পয়েন্ট ১১।

দিনের প্রথম ম্যাচে সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আতলেতিকো মাদ্রিদ। ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে নেমে গেছে সেভিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.