Sylhet Today 24 PRINT

জিতেই চলেছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৭

লা লিগায় নবাগত জিরোনাকে ৩ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। তিন গোলের দুটি আত্মঘাতী গোল আর অপর গোলটি করেছেন লুইস সুয়ারেস।

১৭তম মিনিটে মেসির ফ্রি-কিক বাঁয়ে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক গোরকা ইরাইসস। তবে সেই কর্নার থেকেই জর্দি আলবার ভলি আদায় বেনিতেসের পায়ে লেগে দিক পাল্টে জালে ঢুকে যায়।
 
৩৬তম মিনিটে ইভান রাকিতিচের দূরপাল্লার শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক ইরাইসস। তবে বিরতির পর ব্যবধান বাড়ে তার আত্মঘাতী গোলেই। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আলেইশ ভিদালের ব্যাকহিলে সুয়ারেসও ব্যাকহিল করতে চেয়েছিলেন। তবে বলে সংযোগ ঘটাতে পারেননি। বল ইরাইসসের গায়ে লেগে জালে ঢুকে যায়।
 
৬৯তম মিনিটে সুয়ারেসের গোলে জয় নিশ্চিত হয় বার্সেলোনার। লম্বা বল ধরে গোলরক্ষককে ফাঁকি দেন উরুগুয়ের এই স্ট্রাইকার।
 
লা লিগায় প্রথম ছয়টি ম্যাচ জেতা বার্সেলোনার পয়েন্ট ১৮।
 
আগের ম্যাচে দানি সেবাইয়োসের জোড়া গোলে দেপোর্দিভো আলাভেসকে হারানো রিয়াল মাদ্রিদ ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।
 
দিনের প্রথম ম্যাচে সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে আতলেতিকো মাদ্রিদ। ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে আছে সেভিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.