Sylhet Today 24 PRINT

ব্যাটিং ব্যার্থতায় আফগান যুবাদের কাছে টাইগারদের টানা দ্বিতীয় হার

নিজস্ব প্রতিবেদক |  ০৪ অক্টোবর, ২০১৭

আফগানিস্তানের বিপক্ষে চতুর্থ যুব ওয়ানডেতেও ব্যাটিং ব্যর্থতার উপাখ্যান রচনা করেছে বাংলাদেশের যুবারা। সাইফ হাসানের দল এবার ৮৮ রানে অলআউট হয়ে ম্যাচ হেরেছে ৪৫ রানে।

বুধবার )(৪ অক্টোবর) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়ে নাঈম হাসানের ৫ উইকেট শিকারে আফগানিস্তানের যুবাদের ১৩৩ রানেই আটকে দিয়েছিল বাংলাদেশ। ১৩৪ রানের লক্ষ্যটা মোটেই বড় নয়। কিন্তু সেটিকে পাহাড়সম বানিয়ে ফেলে সাইফ-পিনাকরা।

স্কোরবোর্ডে মাত্র ১১ রান যোগ করতেই বাংলাদেশ হারায় ছয়-ছয়টি উইকেট। ওপরের দিকের ছয় ব্যাটসম্যানই তখন সাজঘরে। এর তিনজনই রানের খাতা খুলতে পারেননি। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অফ স্পিনার মুজিব জাদরান ষষ্ঠ ওভারে ৪ বলের মধ্যে নিয়েছেন ৩ উইকেট।

মাহিদুল ইসলাম অঙ্কন ও নাঈম হাসানের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। দুজন সপ্তম উইকেটে ৭৫ রানের জুটি গড়ে  বাংলাদেশ শিবিরে কিছুটা আশা জাগিয়েছিলেন। কিন্তু এ জুটি ভাঙার পরই হুড়মুড় করে ভেঙে পড়ে বাংলাদেশের লোয়ার অর্ডার। ১১ রানে প্রথম ৬ উইকেট হারানো বাংলাদেশ শেষ ৪ উইকেট হারায় মাত্র ২ রানে। তাই বলে যুবাদের এমন ব্যাটিং! ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল ওই অঙ্কন (৪৩) আর নাঈমই (৩০)।

যুব ওয়ানডেতে এই নিয়ে সপ্তমবার একশ’র নিচে অলআউট হলো বাংলাদেশ। এর দুটিই পরপর দুই ম্যাচে! তাও আবার আফগানিস্তানের মতো দলের বিপক্ষে।

দুবার দুই বলে ২ উইকেট নিয়েও হ্যাটট্রিকের দুয়ার থেকে ফিরেছেন আফগান পেসার মুজিব উর রহমান। তারপরও একাই তিনি নিয়েছেন ৭ উইকেট মাত্র ১৯ রান খরচায়। যুব ওয়ানডেতে যেটি দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড।

সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচেও মাত্র ৭৫ রানে অলআউট হয়ে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

যুব ওয়ানডেতে সেরা বোলিংয়ের রেকর্ডও বাংলাদেশের বিপক্ষে। ২০০৩ সালে ইরফান পাঠনের ১৬ রানে ৯ উইকেট। লাহোরে সেদিন ৩৪ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ।

প্রসঙ্গত, চতুর্থ ওয়ানডেতে ৪৫ রানের জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো সফরকারী আফগানিস্তান। সিরিজের প্রথম ম্যাচে বড় জয়ে শুরু করা বাংলাদেশের এই নিয়ে টানা দ্বিতীয় হার সাথে আফগানিস্তান যুব দলের বিপক্ষে ১০০ রানের নিচে দ্বিতীয় বারের মত অলআউট। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে সমতা আনে আফগান যুবারা। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ৬ অক্টোবর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯: ৩৫ ওভারে ১৩৩ (গুরবাজ ৩, ইব্রাহিম ৯, তারিক ৮, মালিকজাই ১০, রসুল ২৩, ওয়াদাত ৫৩, ইকরাম ০, কায়িস ০ নাভিন ১৬, মুজিব ০*, জাজাই ০; হাসান ২/২৫, অনিক ০/২৫, আরাফাত ০/২০, নাঈম ৫/৩৮, আফিফ ০/১৪, সাইফ ৩/৭)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৩০.৩ ওভারে ৮৮ (সজিব ৬, পিনাক ১, সাইফ ০, হৃদয় ০, আফিফ ০, রাকিব ১, মাহিদুল ৪৩, নাঈম ৩০, অনিক ০, হাসান ০, আরাফাত ০*; নাভিন ১/৫, মুজিব ৭/১৯, জাজাই ০/২৫, কায়িস ২/২২, তারিক ০/১৬)।

ফল: আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৪৫ রানে জয়ী।

সিরিজ: ৫ ম্যাচ সিরিজে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ২-১ ব্যবধানে এগিয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.