Sylhet Today 24 PRINT

রাশিয়া বিশ্বকাপে পোল্যান্ড

স্পোর্টস ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৭

রাশিয়া বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে পোল্যান্ড। রোববার ‘ই’ গ্রুপে ঘরের মাঠে মন্টেনেগ্রোকে ৪-২ গোলে হারিয়েছে পোল্যান্ড।

১৬ মিনিটের মধ্যে স্বাগতিকরা দুই গোলে এগিয়ে গেলেও ৭৮ ও ৮৩তম মিনিটে দুবাল বল জালে পাঠিয়ে ম্যাচে সমতা টানে অতিথিরা। দুই মিনিট বাদেই অবশ্য এবারের বাছাইপর্বে নিজের ১৬তম গোলটি করে ফের দলকে এগিয়ে দেন রবের্ত লেভানদোভস্কি। কিছুক্ষণ পর মন্টেনেগ্রোর ডিফেন্ডার স্তইকোভিচের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয়ে যায় পোলিশদের।  

১০ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট পেয়েছে পোল্যান্ড।

আরেক ম্যাচে রোমানিয়ার সঙ্গে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করা ডেনমার্ক ২০ পয়েন্ট নিয়ে হয়েছে ‘ই’ গ্রুপের রানার্সআপ।

‘এফ’ গ্রুপ থেকে আগেই বিশ্বকাপে উঠে যাওয়া ইংল্যান্ড অষ্টম জয় পেয়েছে। দারুণ ছন্দে থাকা হ্যারি কেইনের ২৭তম মিনিটে পেনাল্টি থেকে করা একমাত্র গোলে লিথুয়ানিয়াকে হারিয়েছে গ্যারেথ সাউথগেটের দল।

অপরাজিত থেকে বাছাইপর্ব শেষ করা ইংল্যান্ডের পয়েন্ট ২৬।

ঘরের মাঠে মাল্টাকে ৩-০ গোলে হারানো স্লোভাকিয়া ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে বাছাইপর্ব শেষ করলো। স্কটল্যান্ডের পয়েন্টও তাই, তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা।

শতভাগ সাফল্যের ধারা ধরে রেখেই বাছাইপর্ব শেষ করেছে আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করা জার্মানি। ‘সি’ গ্রুপে শেষ রাউন্ডে ঘরের মাঠে আজারবাইজানকে ৫-১ গোলে হারিয়েছে গতবারের বিশ্বকাপ জয়ীরা। ১০ ম্যাচের সবকটিতে জেতা ইওয়াখিম লুভের দলের পয়েন্ট ৩০।

আরেক ম্যাচে নরওয়ের মাঠে ১-০ গোলে হেরে গেছে গ্রুপ রানার্সআপ নর্দার্ন আয়ারল্যান্ড। তাদের পয়েন্ট ১৯।

ইউরোপ থেকে বাছাইপর্বের নয় গ্রুপের সেরা নয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি সেরা আট রানার্সআপ খেলবে প্লে-অফ। তার মধ্যে থেকে চার দল পাবে রাশিয়া বিশ্বকাপে খেলার টিকেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.