Sylhet Today 24 PRINT

লিভারপুল স্ট্রাইকার সালাহর গোলে বিশ্বকাপে মিশর

স্পোর্টস ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৭

২৮ বছর পর বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশ মিশর। মোহাম্মদ সালাহর শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে তারা।

রোববার রাতে আফ্রিকান অঞ্চলের ‘ই’ গ্রুপের ম্যাচে কঙ্গোকে ২-১ গোলে পরাজিত করে মিসর।

মিসরের ঐতিহাসিক জয়ে জোড়া গোল করেন লিভারপুল স্ট্রাইকার সালাহ। কঙ্গোর হয়ে একমাত্র গোলটি করেন আর্নল্ড বোকা।

গোলশূন্য প্রথমার্ধের পর ৬৩তম মিনিটে মিসরকে এগিয়ে নেন সালাহ। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে আর্নল্ডের গোলে সমতায় ফেরে কঙ্গো। যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে মিসর বিশ্বকাপের টিকিট এনে দেন সালাহ।
বাছাইপর্বের এক ম্যাচ বাকি থাকতে চার পয়েন্ট এগিয়ে থাকায় বিশ্বকাপে জায়গা করে নেয় মিসর।

১৯৯০ সালে ইতালি বিশ্বকাপে খেলেছিল মিসর। প্রায় তিন দশক পর বিশ্বকাপে জায়গা করে নেয়ায় আনন্দ-উৎসবে মেতে ওঠেন মিসরিরা। সৌদি আরবের পর দ্বিতীয় আরব দেশ হিসেবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেয় দেশটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.