Sylhet Today 24 PRINT

র‍্যাঙ্কিংয়ে ছয়ে উঠতে যা করতে হবে টিম বাংলাদেশকে

স্পোর্টস ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৭

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ভাল করতে পারলে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ছয়-এ উঠতে পারে বাংলাদেশ দল। এজন্যে সিরিজটা জিততে হবে মাশরাফি বাহিনীকে। একই সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের হারটাও কামনা করতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ যখন প্রোটিয়ার মুখোমুখি হবে ঠিক একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতলেই সরাসরিভাবে র‍্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠে যাবে লাল-সবুজের দল। সে ক্ষেত্রে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৭। পাকিস্তানকে টপকে ছয়ে উঠে আসবেন সাকিব-তামিমরা। র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থান পুনরুদ্ধারের একটা সুযোগ অবশ্য পাবে পাকিস্তান। সে ক্ষেত্রে শ্রীলঙ্কাকে ৪-১ ব্যবধানে ওয়ানডে হারাতে হবে সরফরাজের দলকে।

অন্যদিকে বাংলাদেশ সিরিজটা দক্ষিণ আফ্রিকার জন্য বেশ গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠেছে ভারত। দক্ষিণ আফ্রিকার সামনে পুরোনো সাম্রাজ্য ফিরিয়ে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে হবে প্রোটিয়াদের। সেটা করতে পারলে ১২০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ফিরবে দু প্লেসিসের দল। ভারতও অবশ্য র‍্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব ধরে রাখার সুযোগ পাবে। সে ক্ষেত্রে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজটা জিততে হবে কোহলি-ধোনিদের।

এ বছর চ্যাম্পিয়নস ট্রফির আগে আয়ারল্যান্ড সিরিজে প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ের ছয় নম্বরে ওঠে টিম মাশরাফি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.