Sylhet Today 24 PRINT

সুয়ারেসের গোলে হার এড়াল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০১৭

আতলেতিকোর মাঠে শুরুর দিকে গোল খেয়ে হারের শঙ্কায় পড়ে শেষ পর্যন্ত ড্র করেছে বার্সেলোনা।

আতলেতিকোর প্রথমার্ধে সাউল নিগেস এগিয়ে দিয়েছিলেন স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধের শেষ দিকে লুইস সুয়ারেসের গোলে হার এড়ায় বার্সেলোনা।

অষ্টম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে অঁতোয়ান গ্রিজমানের শট কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। দুই মিনিট পর বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়া ফরাসি ফরোয়ার্ড গ্রিজমানের শট ঠেকিয়ে আবারও বার্সেলোনার ত্রাতা জার্মান গোলরক্ষক।

তবে ২১তম মিনিটে টের স্টেগেন রুখতে পারেননি সাউল নিগেসকে। প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে ডান পোস্ট দিয়ে গোল করেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

৮০তম মিনিটে কাছ থেকে সুয়ারেসের গোলের প্রচেষ্টা ফেরান ওবলাক। তবে দুই মিনিট পরই জর্দি আলবার ক্রসে দুর্দান্ত হেডে সমতা ফেরান উরুগুয়ের স্ট্রাইকার।

লা লিগায় প্রথম সাত ম্যাচ জেতার এই ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ২২।

আগের ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে গেতাফের মাঠে রিয়াল মাদ্রিদ জিতেছে ২-১ ব্যবধানে। ১৭ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা দিয়েগো সিমেওনের আতলেতিকোর পয়েন্ট ১৬।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.