Sylhet Today 24 PRINT

এইবারকে হারাল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০১৭

এইবারের বিপক্ষে ৩ গোলের ব্যবধানে জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ। রোববার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগায় ম্যাচটি ৩-০ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। শেষ দিকে জয় নিশ্চিত করেন মার্সেলো।

ঘরের মাঠে লিগে প্রথম তিন ম্যাচ জয়শূন্য থাকার পর টানা দ্বিতীয় ম্যাচ জিতল রিয়াল।

ম্যাচের অষ্টাদশ মিনিটে আসেনসিওর ক্রসে হেড করতে লাফিয়ে ওঠেন সের্হিও রামোস। একই সঙ্গে লাফিয়ে ওঠা পর্তুগিজ ডিফেন্ডার পাউলো অলিভেইরা হেডে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন।

৮২তম মিনিটে বদলি হিসেবে নামা করিম বেনজেমার সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের নিচু কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো।

৯ ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। শনিবার মালাগাকে ২-০ গোলে হারানো বার্সেলোনা ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে। ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভালেন্সিয়া।

দিনের অন্য ম্যাচে সেল্তা দে ভিগোকে ১-০ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ ১ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.