Sylhet Today 24 PRINT

মেসি-নেইমারকে হারিয়ে ফিফা বর্ষসেরা রোনালদো

স্পোর্টস ডেস্ক |  ২৪ অক্টোবর, ২০১৭

টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার লন্ডনের পলেডিয়াম থিয়েটারে বার্সেলোনার মেসি ও পিএসজির নেইমারকে পেছনে ফেলে ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারটি জিতে নেন রোনালদো।

এ বছর রিয়াল মাদ্রিদের হয়ে চারটি শিরোপা জেতার সঙ্গে ব্যক্তিগত পারফরম্যান্স রোনালদোর এই পুরস্কার জেতায় ভূমিকা রেখেছে। অনুষ্ঠানে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেন দুই কিংবদন্তি আর্জেন্টিনার দিয়েগো মারাদোনা ও ব্রাজিলের রোনালদো।

এ নিয়ে পঞ্চমবারের মতো বর্ষসেরার খেতাব জিতলেন রোনালদো। স্পর্শ করলেন এর আগে পাঁচবার বর্ষসেরা হওয়া মেসির রেকর্ড।

গত বছরের ২০ নভেম্বর থেকে এ বছরের ২ জুলাই পর্যন্ত খেলোয়াড়দের অর্জন বিবেচনায় বর্ষসেরা নির্বাচন করা হয়। এই পুরস্কারের জন্য গত আগস্টে ২৪ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল ফিফা। সেপ্টেম্বরে তা তিন জনে নামিয়ে আনা হয়।

২০০৮ সালে প্রথমবার ফিফার বর্ষসেরা ও ফ্রান্স ফুটবল সাময়িকীর ব্যালন ডি’অর পুরস্কার জিতেছিলেন রোনালদো। দুটি পুরস্কার একীভূত হওয়ার পর ২০১৩ ও ২০১৪ সালের ফিফা ব্যালন ডি’অর জেতেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। দুটি পুরস্কার আলাদা হয়ে যাওয়ার পর গত বছর ব্যালন ডি’অর ও দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার পুরস্কার জিতেছিলেন তিনি।

গত মৌসুমে রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনালদোর। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি নকআউট পর্বে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করার কীর্তি গড়েন তিনি।

ইউরোপ সেরা এই প্রতিযোগিতার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে গত মৌসুমে ১০০ গোলের মাইলফলকও স্পর্শ করেন রোনালদো। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে ফাইনালে দুটিসহ সর্বোচ্চ ১২টি গোল করেন।

গত মে মাসে রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করেন ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো।

বর্ষসেরা ফুটবলার নির্ধারণে সমান ২৫ শতাংশ করে ভূমিকা ছিল ফুটবল বিশ্বের সব জাতীয় দলের অধিনায়ক ও কোচ, বিশ্বজুড়ে ফিফা নির্বাচিত সাংবাদিক ও অনলাইনে ভোট দেওয়া ফুটবলপ্রেমীদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.