Sylhet Today 24 PRINT

বিপিএলের টিকেট বিক্রির ভুল খবরে সিলেটে ক্রিকেটপ্রেমীদের দূর্ভোগ

নিজস্ব প্রতিবেদক |  ৩০ অক্টোবর, ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর টিকেট বিক্রির ভুল খবর পেয়ে সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে গিয়ে টিকেট না পেয়ে ভোগান্তি পোহাতে হয়েছে ক্রিকেটপ্রেমীদের।

এ সময় ব্যাংকের সামনে ক্রিকেটপ্রেমীদের হট্টগোল করতেও দেখা গেছে। এতে ব্যাংকটির কয়েকটি শাখায় লেনদেনও সাময়িক বিঘ্নিত হয়।

সোমবার সকাল ৮টা থেকে সিলেট নগরীর শাহজালাল উপশহরে ইউসিবি ব্যাংকের শাখার সামনে জড়ো হন বিপুল সংখ্যক ক্রিকেটপ্রেমী। কিন্তু ব্যাংকের লেনদেন শুরু হওয়ার পর টিকেট কিনতে না পেরে তারা হট্টগোলের সৃষ্টি করেন এবং স্লোগান দিতে থাকেন। এ সময় ব্যাংকের নিরাপত্তা বাড়ানো হয়।

টিকেট কিনতে জড়ো হওয়া স্থানীয়রা জানান, সিলেটের একটি দৈনিক পত্রিকা ও একটি স্পোর্টস পোর্টালে নিউজ দেখে তারা ব্যাংকের সামনে টিকেট কিনতে জড়ো হয়েছেন। তারা এসময় স্পোর্টস পোর্টালটির খবরের স্কিনশট দেখিয়েও বিক্ষোভ করেন।

হট্টগোলের পর পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেছে।

ইউসিবি ব্যাংকের জোনাল হেড আমিনুল হক চৌধুরী বলেন, ‘বিপিএলের টিকেট বিক্রির নির্দেশনা এখনো আমরা পাইনি।’

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘সিলেটের একটি স্থানীয় পত্রিকা ভুল খবর প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করেছে। যারা ভুল তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে এ দায় দায়িত্ব শুধু তাদেরই। মূলত ৩১ অক্টোবর থেকেই বিপিএলের টিকেট বিক্রির সিদ্ধান্ত হয়েছে, ৩০ তারিখ নয়।’

গত শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ৩১ অক্টোবর থেকে তিন মাধ্যমে টিকেট বিক্রি হবে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)ছাড়াও SHOHOZ.COM, SURJOMUKHI.COM.BD ও gadgetbangla.com থেকে পাওয়া যাবে সে সুবিধা।

৪ নভেম্বর থেকে প্রথমবারের মতো সিলেটে বসতে যাচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিপিএল। এই টুর্নামেন্ট নিয়ে সিলেটে রয়েছে উৎসবের আমেজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.