Sylhet Today 24 PRINT

রিয়ালকে হারিয়ে নকআউট পর্বে টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক |  ০২ নভেম্বর, ২০১৭

এ মৌসুমে টানা দুই ম্যাচ হারল বিশ্বসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ। গত রোববার লা লিগায় নবাগত জিরোনার বিপক্ষে হারের পর এবার হারল তারা চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে। ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে জয়ের মাধ্যমে রিয়ালকে পেছনে ফেলে নকআউট পর্ব নিশ্চিত করেছে টটেনহ্যাম।

বুধবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে গতবারের চ্যাম্পিয়নরা হারের হতাশায় পুড়ল। সান্তিয়াগো বের্নাবেউয়ে দুই দলের মধ্যকার প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

ম্যাচের ২৭তম মিনিটে টটেনহ্যাম সমর্থকদের উল্লাসে ভাসান ডেলে আলি। ডান দিক থেকে স্বদেশি ডিফেন্ডার কিয়েরন ট্রিপিয়ারের ভলিতে বল ছয় গজ বক্সে পেয়ে জালে ঠেলে দেন ইংলিশ এ মিডফিল্ডার।

ম্যাচের ২৯তম মিনিটে দুটি সুযোগ পান ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমবার তার জোরালো কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। দ্বিতীয়বার উগো ইয়োরিস বরাবর শট নেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৬তম মিনিটে কিছুটা সৌভাগ্যপ্রসূত গোলে ব্যবধান দ্বিগুণ করে। ডি-বক্সের বাইরে কাসেমিরোর বাধা এড়িয়ে আলির নেওয়া জোরালো শট সের্হিও রামোসের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

৬২তম মিনিটে গোলমুখে জটলার মধ্যে রামোসের শট সামনে দাঁড়ানো রোনালদোর পায়ে বাধা পায়।

এরপর টটেনহ্যামের পক্ষে তৃতীয় গোল করেন ক্রিস্তিয়ান এরিকসেন। হ্যারি কেইনের পাস ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দেন ডেনমার্কের এই মিডফিল্ডার।

৮০তম মিনিটে রিয়ালের পক্ষে একমাত্র গোল করেন রোনালদো। বাঁ-দিকের বাইলাইন থেকে মার্সেলোর কাটব্যাকে প্রতিপক্ষের একজন হেড করার পর ফিরতি হেড করতে ব্যর্থ হন লুকা মদ্রিচ। বল তার গায়ে লেগে রোনালদোর পায়ে এসে পড়ে। তার শট সামনে থাকা আরেক স্বাগতিক খেলোয়াড়ের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.