Sylhet Today 24 PRINT

বিপিএল: টিকিট কিনতে জাল টাকার নোট!

নিজস্ব প্রতিবেদক |  ০২ নভেম্বর, ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর ৫ম আসর শুরু হচ্ছে সিলেট থেকে। আর এ আসরের বিভিন্ন খেলার টিকিট বিক্রি হচ্ছে সিলেট জেলা স্টেডিয়ামের চারটি বুথে।

কয়েক হাজার টিকিট প্রত্যাশীদের ভিড় সামাল দিতেই যেখানে টিকেট বিক্রেতা ও পুলিশ হিমশিম, তখন স্টেডিয়ামের বুথে দেখা দিয়েছে নতুন সমস্যা, আর তা হলো জাল টাকা।

দ্রুততার সাথে টিকিট বিক্রি করতে গিয়ে ক্রেতাদের কাছ থেকে জাল টাকার নোট পাচ্ছেন বিক্রেতারা আর জাল নোটের বেশিরভাগই ৫শ টাকার নোট।

বৃহস্পতিবার সকালে স্টেডিয়ামের টিকিট বিক্রি পরিদর্শনকালে এ প্রতিবেদক দেখতে পান, ১ ঘণ্টার মধ্যে ৮টি ৫০০টাকার জাল নোট কাউন্টার থেকে ফিরিয়ে দেয়া হয়। পরে এ সংখ্যাটি আরো বাড়তে থাকলে মাইক্রোফোনে জাল নোটের ব্যাপারে সতর্ক করে দেয়া হয়।

স্টেডিয়াম এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ উপ-পরিদর্শক আনোয়ারুজ্জামান জানান, বেশ কয়েকজন জালনোট পরিবহনকারীকে কাউন্টার থেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের কাছ থেকে জালনোট জব্দ করে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

পুলিশের ধারণা, কাউন্টার থেকে খুচরা নোট নিয়ে আসতে বলা হওয়ায় অনেকেই আশপাশের দোকান থেকে হাজার টাকার নোট ভাঙিয়ে নিয়ে আসছেন, যার মধ্যে জাল নোট ঢুকিয়ে দিয়ে ফায়দা হাসিল করছে কেউ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.