Sylhet Today 24 PRINT

জয়ে শুরু মাশরাফির রংপুরের

স্পোর্টস ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০১৭

রাজশাহী কিংসকে হারিয়ে বিপিএলে জয়ে শুরু করেছে রংপুর রাইডার্স। মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফিস ও রবি বোপারার ব্যাটে ভর করে ড্যারেন স্যামির দলকে ৬ উইকেটে হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। প্রথমে ব্যাটিং করে ১৫৪ রান তোলে রাজশাহী। জবাবে ৭ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।

বিপিএলের পঞ্চম আসরের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান করে রাজশাহী কিংস। সর্বোচ্চ ৪৭ রান করেন রনি তালুকদার। এ ছাড়া ড্যারেন স্যামি ২৯ ও জেমস ফ্রাঙ্কলিন করেন ২৬ রান।

১৫৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৫ রানেই অ্যাডাম লিথ ও জনসন চার্লসকে হারায় রংপুর। সেখান থেকে তৃতীয় উইকেচ জুটিতে ৭৫ রান যোগ করেন মিঠুন ও নাফিস। দলীয় ৯০ রানে কেসরিক উইলিয়ামসের বলে শূন্যে গা ভাসিয়ে পয়েন্টে ক্যাচ ধরেন লুক রাইট। ৩৩ বলে তিন ছয় এক চারে ৪৬ রান করে আউট হন মিঠুন।

দলীয় ১১৩ রানে ফ্রাঙ্কলিনের বলে বোল্ড হন শাহরিয়ার নাফিস। ৩৪ বলে ৩৫ রান করেন এই ব্যাটসম্যান। এরপর বরি বোপারা ও থিসারা পেরেরার ব্যাটিংয়ে ভর করে সহজ জয় পায় রংপুর। বোপারা ৪০ ও পেরেরা ১৯ রান করেন।

রাজশাহীর মেহেদী হাসান মিরাজ, ফ্রাঙ্কলিন, উইলিয়ামস ও ফরহাদ রেজা নেন একটি করে উইকেট।   

এরআগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাচের দ্বিতীয় ওভারেই মুমিনুল হককে ফেরান সোহাগ গাজী। এরপর দ্বিতীয় উইকেটে লুক রাইট ও রনি তালুকদার যোগ করেন ৪৯ রান। রাইট করেন ১১ রান। দলীয় ৬১ রানে লুক রাইটকে ফেরান নাজমুল ইসলাম অপু।

তবে রনি তালুকদারের ৪৭, শেষের দিক ড্যারেন স্যামির ১৮ বলে ২৯, ফ্রাঙ্কলিনের ২২ বলে ২৬ ও শেষ ওভারে মেহেদী হাসান মিরাজের ৫ বলে ১৫ রানের ক্যামিও ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৫৪ রান করে রাজশাহী কিংস।  

রংপুর রাইডার্স একাদশ : জনসন চার্লস, শাহরিয়ার নাফীস, রবি বোপারা, ডেভিড উইলি, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, অ্যাডাম লিথ, লাসিথ মালিঙ্গা।

রাজশাহী কিংস একাদশ : লুক রাইট, জেমস ফ্র্যাঙ্কলিন, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ড্যারেন স্যামি, সামিট প্যাটেল, ফরহাদ রেজা, রনি তালুকদার, নিহাদ উজ জামান ও কেসরিক উইলিয়ামস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.