স্পোর্টস ডেস্ক | ০৫ নভেম্বর, ২০১৭
মৌসুমে আরও এক গোল উৎসব করেছে পিএসজি। শনিবার ফ্রান্সের শীর্ষ লিগে অঁজির বিপক্ষে ৫-০ ব্যবধানে জিতেছে উনাই এমেরির দল।
মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত দলটির হয়ে জোড়া গোল করেছেন এদিনসন কাভানি ও কিলিয়ান এমবাপে। অন্য গোলটি করেন ইউলিয়ান ড্রাক্সলার।
বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমারসহ দলের গুরুত্বপূর্ণ চার সদস্যকে ছাড়াই দল সাজান কোচ এমেরি। তবে এমবাপে-কাভানিদের নৈপুণ্যে তা নিয়ে একদমই ভাবতে হয়নি প্যারিসের ক্লাবটিকে।
পয়েন্ট টেবিলের নিচের দিকের দল অঁজির বিপক্ষে পঞ্চম মিনিটে প্রথম সুযোগেই দলকে এগিয়ে দেন এমবাপে। ডান দিক থেকে দানি আলভেসের দারুণ ক্রসে ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি এই ফরোয়ার্ড।
চতুর্দশ মিনিটে পিএসজির দ্বিতীয় গোলেও অবদান আলভেসের। ব্রাজিলের এই রাইট ব্যাকের নিখুঁতভাবে বাড়ানো বল প্রথম ছোঁয়াতেই গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে পাঠান জার্মান মিডফিল্ডার ইউলিয়ান ড্রাক্সলার।
৩০তম মিনিটে পাল্টা আক্রমণে গোল করে মাইলফলক স্পর্শ করেন কাভানি। আদ্রিওঁ রাবিওর লম্বা পাস দারুণ ক্ষিপ্রতায় ছুটে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে ব্যাকহিল করেছিলেন এমবাপে। ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন মৌসুমের শুরু থেকেই দারুণ ফর্র্মে থাকা এই খেলোয়াড়।
লিগ ওয়ানে কাভানির এটি শততম গোল। সুইডেনের জ্লাতান ইব্রাহিমোভিচের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পিএসজির জার্সিতে ফরাসি লিগে একশ গোল করলেন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়।
৬০তম মিনিটে মাঝমাঠ থেকে ড্রাক্সলারের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে এবারের লিগে নিজের ত্রয়োদশ গোলটি করেন কাভানি। ছুঁয়ে ফেলেন গোলদাতার তালিকার শীর্ষে থাকা মোনাকোর রাদামেল ফালকাওকে।
৮৪তম মিনিটে পাল্টা আক্রমণে ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস মৌরার পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে কাটিয়ে বলে কোনাকুনি শটে লিগে নিজের চতুর্থ গোলটি করেন এ মৌসুমেই ধারে পিএসজিতে আসা এমবাপে।
১২ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।