Sylhet Today 24 PRINT

জয়ে ফিরল বার্সা, আলকাসেরের জোড়া গোল

স্পোর্টস ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০১৭

গত ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে হোঁচট খাওয়ার চার দিন পর জয়ের পথে ফিরেছে বার্সেলোনা। লা লিগায় পাকো আলকাসেরের জোড়া গোলে সেভিয়াকে হারিয়েছে এরনেস্তো ভালভেরদের দল।

শনিবার রাতে কাম্প নউয়ে ২-১ গোলে জিতেছে বার্সা। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে অলিম্পিয়াকোসের মাঠে গোলশূন্য ড্র করেছিল বার্সেলোনা।

বার্সেলোনা গোলের দেখা পায় ২৩তম মিনিটে। বাঁ-দিক থেকে পাকো আলকাসেরের উদ্দেশে সুয়ারেসের বাড়ানো ক্রস মাঝ পথে পা বাড়িয়ে ঠেকানোর চেষ্টা করেন ডিফেন্ডার সের্হিও এসকুদেরো। কিন্তু পেয়ে যান আলকাসেরই, ডি-বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় নীচু শটে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।

৫৯তম মিনিটে কর্নার থেকে আসা বলে আর্জেন্টাইন মিডফিল্ডার পিসারোর দারুণ হেডে সমতায় ফেরে সেভিয়া।

৬৫তম মিনিটে বার্সাকে ফের এগিয়ে দেন আলকাসের। ডান দিক থেকে ইভান রাকিতিচের ছয় গজ বক্সের ঠিক সামনে বাড়ানো দারুণ ক্রসে বল জালে পাঠান তিনি।

১১ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট হলো ৩১।

দিনের প্রথম ম্যাচে দেপোর্তিভো লেগানেসকে ৩-০ গোলে হারানো ভালেন্সিয়া ২৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

আরেক ম্যাচে দেপোর্তিভো লা করুনার মাঠে ১-০ গোলে জেতা আতলেতিকো মাদ্রিদ ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে।

১১ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে সেভিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.