Sylhet Today 24 PRINT

কঙ্কাল চুরি করে ময়মনসিংহ মেডিকেলে যাওয়ার পথে আটক ২

সিলেটটুডে ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০১৭

কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে ময়মনসিংহ মেডিকেলে যাবার পথে দুটি কঙ্কালসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ নভেম্বর) রাতে গাজীপুরের টঙ্গীতে বাসে তল্লাশি চালিয়ে স্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, শেরপুরের নকলা এলাকার ওমর আলির ছেলে এরশাদ (২৬) এবং গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তাইজুল ইসলামের ছেলে মোতালেব (২২)।

টঙ্গী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাজীপুরের শফিপুর এলাকার দুটি কবর থেকে কঙ্কাল চুরি করে বাসযোগে ময়মনসিংহ যাবার পথে রাত আড়াইটার দিকে বাসটি টঙ্গীর স্টেশন রোড এলাকায় আসলে পুলিশ বাসটিতে তল্লাশি করে। এ সময় পলিথিনে মোড়ানো দুটি খুলি ও হাড়গোড় দেখতে পেয়ে কঙ্কালসহ দুইজনকে আটক করা হয় এবং বাসটি জব্দ করা হয়। তবে বাসে থাকা এই চক্রের কয়েকজন কৌশলে পালিয়ে যায়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক এরশাদ ঘটনার কথা স্বীকার করে বলেন, সে কঙ্কালগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। প্রতিটি কঙ্কাল তারা ৮-১০ হাজার টাকায় বিক্রি করতে পারে। তবে মোতালেব নিজেকে বাসের যাত্রী বলে পুলিশের কাছে দাবি করেন। তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান, আটক ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারাই কঙ্কাল চুরি চক্রের সাথে জড়িত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.