Sylhet Today 24 PRINT

মুর্সিয়াকে বড় ব্যবধানে হারাল বার্সা

স্পোর্টস ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৭

রিয়াল মুর্সিয়াকে ৫ গোলের ব্যবধানে পরাজিত করে কোপা দেল রের শেষ ষোলোয় উঠেছে বার্সেলোনা।

বুধবার রাতে কাম্প নউয়ে স্প্যানিশ কাপে চতুর্থ রাউন্ডের ফিরতি পর্বে ৫-০ গোলে জিতেছে এরনেস্তো ভালভেরদের দল। প্রথম লেগে ৩-০ ব্যবধানে জিতেছিল কাতালান ক্লাবটি।

লিওনেল মেসি ও লুইস সুয়ারেসসহ নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে বিশ্রামে রেখে খেলতে নামা বার্সেলোনা ষষ্ঠদশ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড পাকো আলকাসেরের হেডে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে চার মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে জয় নিশ্চিত করে ফেলে স্বাগতিকরা। ৫৬তম মিনিটে ছয় গজ বক্সে আলেইশ ভিদালের ছোট পাস পেয়ে বল জালে পাঠান জেরার্দ পিকে। আর দারুণ হেডে গোলরক্ষকের মাথার উপর দিয়ে দলের তৃতীয় গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার ভিদাল।

৭৪তম মিনিটে সের্হিও রবের্তোর উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন দেনিস সুয়ারেস। স্প্যানিশ এই মিডফিল্ডার পাস পেয়েই দুরূহ কোণ থেকে দলের পঞ্চম গোলটি করেন বদলি নামা হোসে আরনাইস।

মঙ্গলবার রাতে তৃতীয় সারির আরেক ক্লাব ফুয়েনলাব্রাদার সঙ্গে ঘরের মাঠে ২-২ ড্র করে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে শেষ ষোলোয় উঠে রিয়াল মাদ্রিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.