Sylhet Today 24 PRINT

৯৫ মিনিটে গোল করে ইতিহাস গড়লেন গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০১৭

কাগজে-কলমে এ দলটির সঙ্গে তাঁর সম্পর্ক মাত্র কদিনের। কিন্তু বেনেভেন্তোর ইতিহাসে আলবার্তো ব্রিনিওলির নামটা চিরতরে ঠাঁই পেয়ে গেল! গোলকিপার তিনি, জুভেন্টাস থেকে ধারে খেলছেন এবারই প্রথম সিরি ‘আ’-তে উঠে আসা বেনেভেন্তোতে। সেই ব্রিনিওলি কিনা ক্লাবটিকে সিরি ‘আ’ ইতিহাসের প্রথম পয়েন্ট এনে দিলেন।

এবারই ইতালির শীর্ষ লিগে উঠে এসেছে বেনেভেন্তো। এসে অবশ্য নাভিশ্বাস উঠে যাচ্ছে তাদের। টানা ১৪ ম্যাচ হেরেছে দলটি। লিগে ১৫তম ম্যাচে এসে দেখা পেয়েছে এবারই অর্থবলে বলীয়ান হয়ে নতুন দল গড়া এসি মিলানের। সে ম্যাচেই পেয়েছে ইতালিয়ান শীর্ষ লিগে নিজেদের প্রথম পয়েন্টও!

ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে ছিল তাঁর দল। ৯৫ মিনিটে ফ্রি-কিক পাওয়ায় ডি-বক্সে উঠে আসেন। হাওয়ায় ভাসা বল মাথায় আসতেই ডাইভিং হেড, সেটাই দূরের কোনায় জায়গা করে নিল! তাতেই ঘরের মাঠে এসি মিলানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বেনেভেন্তো।

বোনাভেনতুরা ও কালিনিচের গোলে দুবার এগিয়ে গিয়েও জিততে না পারা মিলান ২১ পয়েন্ট নিয়ে তালিকার ৭ নম্বরে। রোমানিওলি লাল কার্ড দেখায় ম্যাচের শেষ ১৫ মিনিট মিলান ছিল ১০ জনের দল।
সূত্র: এএস

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.