Sylhet Today 24 PRINT

মেসির উপড়ে ফেলা মূর্তি আর্জেন্টিনার রাস্তায়

বিবিসি বাংলা |  ০৫ ডিসেম্বর, ২০১৭

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে ফুটবল তারকা লিওনেল মেসির একটি ব্রোঞ্জের তৈরি মূর্তি কে বা কারা উপড়ে ফেলেছে। স্থাপনের পর দ্বিতীয়বার এই ঘটনা ঘটল। গত জানুয়ারি মাসেও মূর্তিটি কোমর থেকে অর্ধেক করে ফেলা হয়েছিল।

লিওনেল মেসিই হয়তো আর্জেন্টিনার সর্বকালের অন্যতম শীর্ষ তারকা, কিন্তু তার দেশেই কে বা কারা মেসির একটি ভাস্কর্য গোড়ালি থেকে ভেঙে রাস্তায় ফেলে রেখে গেছে।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ২০১৬ সালের জুন মাসে রাজধানী বুয়েনস এইরেসে ব্রোঞ্জের মূর্তিটি স্থাপন করার পর দ্বিতীয়বারের মতো এ ঘটনা ঘটলো।

পুলিশ বলছে, কেন এই কাণ্ড তা তারা এখনো ধরতে পারছেন না।

মেসিই ধরতে গেলে এবার একহাতে আর্জেন্টিনাকে ২০১৮ সালের বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিয়ে গেছেন। অক্টোবরে এক ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে মেসি সেদিন হ্যাট্রিক না করলে, আর্জেন্টিনার বিশ্বকাপের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যেতে পারত। কিন্তু তার দেশের কিছু মানুষের কাছে মেসির এই অবদান হয়তো যথেষ্ট নয়।

রাজধানী শহরের যে জায়গায় দেড় বছর আগে মেসির এই মূর্তিটি স্থাপন করা হয়, সেখানে আর্জেন্টিনার বড় বড় সব ক্রীড়া তারকার, যেমন টেনিস তারকা গাব্রিয়েলা সাবাতিনি বা বাস্কেটবল তারকা জিনোবিলি, মূর্তি রয়েছে। কিন্তু মেসির মূর্তিকেই বারবার টার্গেট করা হচ্ছে।

মেসি ২০০০ সালে অর্থাৎ প্রায় ১৮ বছর আগে বার্সেলোনায় খেলার জন্য দেশ ছাড়েন। তিনি জাতীয় দলে খেলতে আগ্রহী নন - মাঝে মধ্যেই এ ধরনের সমালোচনা হয়।

এটা সত্যি মেসি চারবার বার্সেলোনাকে ইউরোপীয় কাপ জিতিয়েছেন, আটবার লা লীগা জিতিয়েছেন, পাঁচবার বিশ্ব সেরা ফুটবলার হয়েছেন, কিন্তু আর্জেন্টিনাকে একবারও বিশ্বকাপ জেতাতে পারেননি।

২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে চিলির বিরুদ্ধে পেনাল্টি মিস করায় তাকে নিজের দেশে প্রচণ্ড সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.