Sylhet Today 24 PRINT

বিয়ে করেছেন ভিরাট-আনুশকা

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৭

২০১৩ সাল থেকে প্রেম করছেন তারা। ২০১৭-তে এসে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ভারত ক্রিকেট দলের অধিনায়ক ভিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

৯ ডিসেম্বর ইতালির মিলানে দুজনের বিয়ে হয়েছে বলে নিশ্চিত করেছে ফিল্মফেয়ার। পরে রাতে কোহলি ও আনুশকা যৌথ বিবৃতিতে বিয়ের খবরটি স্বীকার করেন।

বিবৃতিতে তারা বলেন, ‘আজ আমরা দুজন পরস্পরের সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকার প্রতিজ্ঞা করলাম। আজ এই আনন্দের সংবাদ আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে পেরে আমরা সত্যি আনন্দিত। এই সুন্দর দিনটি আমাদের পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থনে আরও বিশেষ হয়ে উঠেছে। আমাদের এই যাত্রার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

ভারত ক্রিকেট দল খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে। ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন কোহলি। বলা হয়েছিল, টানা ক্রিকেটের ধকল সামলাতে দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিশ্রাম নিচ্ছেন। কিন্তু সংবাদমাধ্যমে গুঞ্জন শুরু হয়ে যায়, আসলে বিয়ে করবেন বলেই এই ছুটি নিয়েছেন কোহলি।

২৬ ডিসেম্বর মুম্বাইয়ে দুজনের বিয়ে পরবর্তী সংবর্ধনা হবে। দুজনের মধুচন্দ্রিমা অবশ্য দক্ষিণ আফ্রিকায়। নতুন বছরটা সেখানেই উদ্‌যাপন করবেন। এরপর কোহলি দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন।

কোহলি ও আনুশকা দুজনই ২০১৩ সাল থেকে প্রেম করছেন। শ্যাম্পুর বিজ্ঞাপনের শুটিংয়ে দুজনের পরিচয়। সেই পরিচয় থেকে পরিণয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.