Sylhet Today 24 PRINT

কোচের বাড়ি থেকে নেইমারের জার্সি চুরি

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০১৭

পিএসজি কোচ উনাই এমেরির বাড়িতে ঢুকেছিল সিঁধেল চোর। সেখান থেকে অর্থকড়ি, ঘড়ির সঙ্গে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দুটি জার্সিও নিয়ে গেছে চোর। নিয়ে গেছে নেইমারের দলবদলের কিছু কাগজপত্রও।

ফরাসি লিগ কাপের ম্যাচ খেলতে পিএসজি দল নিয়ে স্ট্রাসবুর্গ গিয়েছেন এমেরি। সেই সুযোগে বৃহস্পতিবার সকালে তার প্যারিসের বাড়িতে ঢুকে চোর।

কোচের স্ত্রী লুইসা ফার্নান্দেজ বলছেন, ‘বাড়িতে এলোপাতাড়ি ভাংচুর চালিয়েছে চোর। পিএসজির দলবদল সম্পর্কিত বেশকিছু কাগজপত্র চুরি করেছে। খোয়া গেছে নেইমারের দুটি জার্সি। একটি রোলেক্স ঘড়ি ও দুটি শ্যানেল ব্যাগও নিয়ে গেছে। সর্বমোট প্রায় ২০ হাজার ইউরো মূল্যমানের সম্পদ হাতিয়ে নিয়েছে।’

এএফপি জানাচ্ছে, ইতোমধ্যে এই বিষয়ে অবহিত হয়েছেন ফরাসি পুলিশ। তাদের ভাষ্য, ‘এমেরির বাড়ির দরজা বন্ধ ছিল। তবে তালাবদ্ধ ছিল না। এই সুযোগই কাজে লাগিয়েছে চোর।’ ধারণা করা হচ্ছে, ওই চোর নেইমারেরও পাঁড় ভক্ত। এই কারণেই তার জার্সি নিয়ে গেছে।

ফ্রান্স সংবাদমাধ্যম লি পয়েন্টের তথ্য অনুসারে, দলবদলের কাগজপত্রগুলো জরুরি ছিল কি না, তা এখনো জানা যায়নি। এমেরির বাড়িতে সিসি ক্যামেরা লাগানো ছিল। তার ভিডিও খতিয়ে দেখে চোর ধরার চেষ্টা করছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.