Sylhet Today 24 PRINT

ফুটবলকে বিদায় বললেন কাকা

স্পোর্টস ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০১৭

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আগেই। এবার পেশাদার ফুটবলকেও বিদায় জানালেন রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের সাবেক তারকা ব্রাজিলিয়ান রিকার্ডো কাকা।

রোববার (১৭ ডিসেম্বর) রাতে বিদায়ের এই ঘোষণা দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। ফুটবলের ইতিহাসে বিশ্বকাপ, ইউরোপিয়ান কাপ/উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ব্যালন ডি’অরের ট্রেবল জেতা আটজন খেলোয়াড়ের মধ্যে কাকা একজন।

ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের সদস্য কাকা ক্যারিয়ার শুরু করেন নিজ দেশের ক্লাব সাও পাওলোতে। এরপর ক্যারিয়ারের দুর্দান্ত সময় কাটান ইতালিয়ান ক্লাব এসি মিলানে। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত মিলানেই ছিলেন কাকা। ইতালিয়ান জায়ান্টদের হয়ে ২০০৪ সালে লিগ শিরোপা এবং ২০০৭ সালে ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতেন তিনি।

২০০৯ সালে তৎকালীন বিশ্বরেকর্ড ট্রান্সফার মূল্যে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেন কাকা। ২০১১ সালে ক্লাবটির হয়ে কোপা ডেল রে এবং পরের বছর লা লিগার শিরোপা জেতেন এই ব্রাজিলিয়ান। ২০১৩ সালে আবার এসি মিলানে ফেরেন কাকা।

ক্যারিয়ারের শেষ সময়টুকুতে তিনি খেলেন আমেরিকার মেজর সকার লিগের দল ওরল্যান্ডো সিটির হয়ে। গত অক্টোবরে ওরল্যান্ডো সিটির হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেন কাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.