Sylhet Today 24 PRINT

টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন সাকিবের কেরালা

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০১৭

ক্রিকেটের নতুন ফরম্যাট টি-টেন লিগে চ্যাম্পিয়ন হলো সাকিবদের দল কেরালা কিংস। প্রথম আসরেই পাঞ্জাব লিজেন্ডসকে ৮ উইকেটে পরাজিত করেছে শিরোপা ঘরে তুলেছে দলটি।

রোববার রাতেই টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারনি ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটে ১২০ রান করে পাঞ্জাবি লিজেন্ডস। অধিনায়ক ইয়ান মরগান ও পল স্টার্লিং এর ঝড়ে কেরালা তা পেরিয়ে যায় ২ ওভার হাতে রেখেই। তাতে আরব আমিরাতে বসা চারদিনের টুর্নামেন্টের প্রথম আসরটির শিরোপা জিতে দারুণ এক কীর্তিই গড়ে কেরালা।

সেমিফাইনালে মারাঠা অ্যারাবিয়ান্সকে ৫ উইকেটে হারায় কেরালা। সে ম্যাচে বোলিংয়ের সুযোগ পাননি সাকিব। ব্যাট হাতে নেমে কোন বল মুখোমুখি হওয়ার আগেই ফিরেন রান আউট হয়ে। ফাইনালে তো তাকে ব্যাট হাতে নামতেই হয়নি। তার আগেই জয় পায় দল। তবে বল হাতে বড্ড বেশি রান খরচ করেছেন সাকিব। ২ ওভার বল করে দিয়েছেন ৩১ রান।

অবশ্য পাঞ্জাবি ব্যাটসম্যানরা বেধড়ক পিটিয়েছে কেরালা বোলারদের। নির্দিষ্ট করে বললে লুক রনকি ছিলেন মারমুখি। ৩৪ বলে ৭০ রান করেন তিনি ৫ চার ও ৫ ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে শোয়েব মালিকের ব্যাট থেকে। কেরালার পক্ষে লিয়াম প্ল্যানকেট ও রায়াত এমরিত ১টি করে উইকেট নেন।

কেরালার ব্যাটসম্যানরা ছিল আরো আগ্রাসী। তাই ১২০ রানের লক্ষ্যও ২ ওভার হাতে রেখে পেরিয়ে যায় তারা। মরগান ২১ বলে করেন ৬৩ রান। ৬টি ছক্কা ও ৫টি চার হাঁকিয়েছেন তিনি। অপরাজিত ৫২ রান করেন স্টার্লিং। ২৩ বলের ইনিংসে ৫টি ছক্কা ও ৩টি চার তার। পাঞ্জাবির বোলারদের মধ্যে ফাহিম আশরাফ ও হাসান আলি ১টি করে উইকেট নিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.