Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত জমি পেলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত জমির দলিল হাতে পেলেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। সোমবার খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসানুল হক মিয়া তার হাতে দলিলটি হস্তান্তর করেন।

কেডিএ সূত্র জানায়, মিরাজকে খুলনা নগরীর মুজগুন্নী আবাসিক এলাকার এন ৪৪ নম্বরের প্লটে ৩.৬ কাঠা জমির দলিল দেয়া হয়েছে। প্লটের বাজারমূল্য ৫৭ লাখ টাকা।  তার পরিবারের কাছ থেকে ১০০০/= টাকা প্রতীকী মূল্য নিয়ে জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

গেলো বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে চমক দেখিয়ে আলোচনায় আসেন মিরাজ। তার পুরস্কার হিসেবে ওই বছরের ৩০ অক্টোবর তাকে বাড়ি দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

মিরাজ বলেন, জমির দলিল পেলাম। শিগগির বাড়ির কাজ  শুরু করব। প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। জমি দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অনুষ্ঠানে খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান মিজান, খুলনা-৩ আসনের সাংসদ বেগম মন্নুজান সুফিয়ান, সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি, জেলা প্রশাসক মো. আমিন উল আহসানসহ কেডিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.