Sylhet Today 24 PRINT

উইন্ডিজের বিপক্ষে সহজ জয়ে সিরিজে এগিয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৭

ছবি: ক্রিকইনফো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। বুধবার (২০ ডিসেম্বর) ক্যারিবিয়ানদের ৫ উইকেটে হারিয়েছে কিউইরা।

হোয়াংগারেইয়ের কুবহাম ওভালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট ও ২৪ বল হাতে রেখেই সহজ জয় পায় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের হয়ে জর্জ ওর্কার সর্বোচ্চ ৫৭ রান করেন। এছাড়া কলিন মুনরো ৪৯, কেন উইলিয়ামসন ৩৮ এবং রস টেলর করেন ৪৯ রান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে অ্যাশলে নার্স ও জেসন হোল্ডার দু'টি করে উইকেট নেন। কেসরিক উইলিয়ামস পান এক উইকেট।

এর আগে এভিন লুইস ও রবম্যান পাওয়েলের অর্ধশতকে মাঝারি মানের সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের হয়ে লুইস সর্বোচ্চ ৭৬ রান করেন। এছাড়া পাওয়েল ৫৯, সিমোন হেটমায়ের ২৯ এবং ক্রিস গেইল করেন ২২ রান।

নিউজিল্যান্ডের হয়ে ডগ ব্রেসওয়েল চারটি এবং টড অ্যাস্টল নেন তিনটি উইকেট। এছাড়া লুকি ফার্গুসন নেন দুটি উইকেট।

আগামী শনিবার ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ২৬ ডিসেম্বর একই মাঠে সিরিজের শেষ ম্যাচ খেলবে দুই দল।

ওয়ানডে সিরিজের পর কিউই ও ক্যারিবিয়ানরা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। এর আগে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.