Sylhet Today 24 PRINT

বর্ষসেরা সাকিব, জনপ্রিয়তায় সেরা মাশরাফি

স্পোর্টস ডেস্ক  |  ০৬ জানুয়ারী, ২০১৮

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ২০১৭ বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জিতেছেন পপুলার্স চয়েজ অ্যাওয়ার্ড।

শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ এই পুরস্কার বাংলাদেশের দুই আন্তর্জাতিক অধিনায়কের হাতে তুলে দেওয়া হয়।

বিএসপিএর বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার অনুষ্ঠানে আগেই পেয়েছেন সাকিব। টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক এরপর দারুণ মর্যাদার বর্ষসেরা ক্রীড়াবিদের লড়াইয়ে শ্যুটার অর্ণব সাবাব লাদিফ এবং ফুটবলের জাফর ইকবালকে পেছনে ফেলে শেষ হাসি হাসেন। ২০১৭ সালটি অবশ্য দারুণ গেছে সাকিবের। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ২১৭ রানের ইনিংস খেলেছিলেন।

একই দলের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে। দলকে জিতিয়েছিলেন। আবার বছরের শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। বল হাতে দুই ইনিংসে পাঁচটি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার বাংলাদেশকে টেস্ট জেতান।

আর মাশরাফির নেতৃত্বে তো ২০১৫ সাল থেকে বাংলাদেশের ওয়ানডে দল একটি বদলে যাওয়া নাম। সমীহ জাগানো নাম। তারই ধারাবাহিকতায় মাশরাফির দল প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে খেলেছে ২০১৭ সালে। পপুলারস চয়েজ পুরস্কারটি মাশরাফি জিতেছেন বিএসপিএর ওয়েবসাইটে উন্মুক্ত ভোটাভুটিতে। সেই ভোটে সাকিবকে হারিয়েছেন ওয়ানডে দলের ক্যাপ্টেন। সাকিব ছাড়াও এই পুরস্কারের জন্য মাশরাফির প্রতিদ্বন্দ্বি ছিলেন সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদ ও উঠতি ফুটবল তারকা জাফর ইকবাল।

১৯৬২ সালে যাত্রা শুরু করার পর ১৯৬৪ সাল থেকে প্রতিষ্ঠানটি দেশের ক্রীড়াবিদদের পুরস্কৃত করে আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.